ডারউইন টেস্ট

রিভিউ নষ্টের আক্ষেপের পর হাসানের জোড়া সাফল্য

ক্রীড়া প্রতিবেদক

সতর্ক শুরুর পর অস্ট্রেলিয়ার ওপেনাররা ভালো শুরুর আভাস দিচ্ছিলেন। আরেক দিকে অহেতুক রিভিউ নষ্ট করে সকালটা মাটি করার শঙ্কায় ছিলো বাংলাদেশ। তবে হাসান মাহমুদ দলকে রাখলেন খেলায়। পর পর দুই ওভারে তুলে নিলেন দুই অজি ওপেনারকে। 

হাসানের তোপে ১৪তম ওভারে ৫২ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নামা দলটিকে প্রথম এগারো ওভারে কোন বিপর্যয়ে পড়তে দেননি দুই ওপেনার। খুব একটা বড় পরীক্ষাও দিতে হচ্ছিলো না তাদের। তবে হাসান ধৈর্য্য ধরে রেখে পেলেন সাফল্য। 

প্রান্ত আগলে রাখার পণ নিয়ে নেমেছিলেন জ্যাক ওয়েদারেল্ড। কিছু বাউন্ডারি পেয়ে গেলেও তাকে খুব সাবলীল মনে হচ্ছিল না। ভালো বল করতে থাকা হাসান মাহমুদের বেরিয়ে যাওয়া বলে তিনি আর টিকলেন না। প্রথম ঘণ্টায় অস্ট্রেলিয়ান ওপেনারদের আলাদা করতে পারল বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া দ্বাদশ ওভারে হারায় প্রথম উইকেট। ওয়েদারেল্ডকে (৩৭ বলে ২৩) উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন হাসান। হাসানের বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে পুরো ব্যাটে পাননি বাঁহাতি ব্যাটার। টপ এজে যায় সহজ ক্যাচ। ৪৫ রানে প্রথম উইকেট হারায় অজিরা।

আরেক প্রান্তে আগ্রাসী ট্র্যাভিস হেড খেলছিলেন রয়েসয়ে। প্রথম পানি পানের বিরতির পর হাত খুলেন। হাসানকে বাউন্ডারি মারার পরই ফিরে যান। অ্যারাউন্ড দ্য উইকেটে বল করা হাসান হেডকে সংশয়ে ফেলেন। হাসানের বল স্টাম্পে টেনে বোল্ড হন হেড। ৩৯ বলে ২২ করে ফেরেন তিনি। 

দিনের প্রথম ঘণ্টায় অহেতুক রিভিউ নষ্ট করার আক্ষেপেও পুড়েছে বাংলাদেশ। নবম ওভারে হেডকে আউট করতে মরিয়া হয়ে করা হয় ভুল। ইবাদত হোসেনের বেরিয়ে যাওয়া বলে লেগ প্যাডে লাগান হেড। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায় বল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাচ্ছিল।