অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নেই রাবাদা, টেস্টেও অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না কাগিসো রাবাদা। হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিটকে যাওয়ার পর এখন টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চোটের পুনর্বাসনে কতটা দ্রুত সাড়া দেন, তার ওপরই নির্ভর করছে লাল বলের সিরিজে তার ভাগ্য।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রাবাদা। ফলে আগামী ২৪ সেপ্টেম্বর ডারবানে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্যও তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে।

এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ‘রাবাদার পুনর্বাসন কতটা এগোয়, তার ওপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টে তার খেলার বিষয়টি নির্ভর করবে। সিরিজের কাছাকাছি সময়ে তার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে রাবাদার ঘরোয়া বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই চোটে প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে প্রোটিয়া পেসারকে। সেটি হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রাবাদাকে পাওয়া কঠিন হয়ে পড়বে।

আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর গকেবেরহা ও কেপটাউনে হবে বাকি দুটি ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে রাবাদার অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা হতে পারে। গত বছর লর্ডসে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রাবাদা, নিয়েছিলেন ৯ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে রাবাদার রেকর্ডও বেশ উজ্জ্বল। এখন পর্যন্ত ১১ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার উইকেটপ্রতি রান খরচ মাত্র ২১.৩৯, যা তার ক্যারিয়ার গড় ২২.০৩-এর চেয়েও ভালো।