২০২৭ বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের ডাগআউটে পিটারসেন
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে পাখির চোখ করে বড় পদক্ষেপ নিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের সীমিত ওভারের কোচিং স্টাফে 'স্পেশালিস্ট মেন্টর' হিসেবে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন।
চলতি মাসের শেষের দিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেই কোচ ব্রেন্ডন ম্যাককালামের সহকারী হিসেবে দায়িত্ব শুরু করবেন তিনি। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ।
বিতর্কের ইতিহাস পেরিয়ে নতুন অধ্যায়
৪৬ বছর বয়সী এই বিস্ফোরক ব্যাটার ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্ট, ১৩৬টি ওয়ানডে এবং ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৮,১৮১ রান এবং ওয়ানডেতে ৫,৫০০-এর বেশি রানের মালিক তিনি। তবে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী এই ক্রিকেটারের ক্যারিয়ার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিতর্ক দিয়েও ঘেরা ছিল। সহখেলোয়াড় ও কোচদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ২০১৩-১৪ সালের অ্যাশেজে হোয়াইটওয়াশ হওয়ার পর বিষাদময় এক বিদায় ঘটেছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের।
সুদীর্ঘ এক দশক পর আবারও জাতীয় দলের ড্রেসিংরুমে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পিটারসেন। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। দায়িত্ব পেয়ে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের অভিযানে এই দলকে সাহায্য করার দায়িত্ব পাওয়া অত্যন্ত গর্বের। ২০১৪ সালের পর প্রথমবার ইংল্যান্ডের জার্সি গায়ে তোলা আমার জন্য দারুণ সম্মানের। আমাদের সীমিত ওভারের দলটি অসাধারণ প্রতিভা দিয়ে ভরা। খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে আমি মুখিয়ে আছি।’
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামও পিটারসেনের এই আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান, ক্রিকেট ক্যারিয়ারে পিটারসেনের অর্জন ও অভিজ্ঞতা দলের তরুণদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।