এশিয়ান গেমস ক্রিকেট

নেপালকে হতাশ করে না খেলে সেমিতে শ্রীলঙ্কাও, বাংলাদেশের ম্যাচও শঙ্কায়

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়ে সামর্থ্যের জানান নেওয়া নেপাল আশায় ছিল আরও বড় কিছুর। কিন্তু সেই সুযোগই তো পেল না তারা। জাপানের নাগোয়ায় চলা বৃষ্টি এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের মজাটাই যেন নষ্ট করে দিচ্ছে।

সোমবার দুই কোয়ার্টার ফাইনাল ভেস্তে যাওয়ার পর মঙ্গলবারও একই ধারা অব্যাহত রয়েছে। বৃষ্টির দাপটে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ হতে পারেনি। এতে করে টসের আগেই পরিত্যক্ত হয়েছে এই ম্যাচও। ফলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশ দলের। তবে ম্যাচটি না হওয়ার সম্ভাবনা প্রবল। নাগোয়ায় বৃষ্টির পাশাপাশি মাঠ শুকানোর মতো উন্নত যন্ত্রপাতির অভাব। জাপানে ক্রিকেট সংস্কৃতি না থাকায় আধুনিক ব্যবস্থা থাকবে না সেই আভাস অবশ্য আগেই ছিল।

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও ভেস্তে গেলে না খেলে সেমিতে উঠবে লিটন দাসের দলও। তবে সেমিফাইনালেও এরকম হলে বাংলাদেশের জন্যও আছে বিপদ। বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান তখন র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাবে।