‘খুবই খারাপ ফল’, হারের দায় নিয়ে প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেন লিটন
পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারের পর সোনা ও রূপার পদকের আশা আগেই মিলিয়ে গেছে। শ্রীলঙ্কা দ্বিতীয় সারির দল পাঠানোয় এশিয়ান গেমসে ব্রোঞ্জের জন্য ফেভারিট ছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তবে সেখানেও হতাশ করেছেন লিটন দাসরা। শেষ দিকের বোলিং ও ব্যাটিং ব্যর্থতায় খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। এই পরিণতির দায় মেনে নিয়ে প্রতিপক্ষের ব্যাটার থারিন্দু রত্নায়েকেকে কৃতিত্ব দিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
জাপানের নাগোয়ায় ব্রোঞ্জ মেডেল ম্যাচে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে লঙ্কানরা। ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। ওই কোণঠাসা অবস্থা থেকে মোড় ঘুরিয়ে দেন থারিন্দু। ৩২ বলে ৫ ছক্কায় খেলেন ৬৫ রানের ইনিংস। তাতে ট্রিকি উইকেটে ১৬৫ রানের পুঁজি পেয়ে যায় তারা।
জবাব দিতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ অলআউট ১০২ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ জানতে চাওয়া হলে লিটন বলেন, ‘হারের ব্যাখ্যা—আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রথম ৮ ওভার খুবই ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন যে একটা ব্যাটসম্যান এসে যেরকম শট খেলেছে এই উইকেটে, খুবই ডিফিকাল্ট। কিন্তু সে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে যেখানে আমাদের বোলাররা কোনো ক্লু পায় নাই যে এখান থেকে কীভাবে কামব্যাক করবে। কাজেই ক্রেডিট তো তাকে দিতেই হয়।’ব্যাটিংয়ে দলের ব্যর্থতার কথা স্বীকার করে তিনি আরও যোগ করেন, ‘আর আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, আমরা কোনোভাবেই ওটা কাভার আপ করতে পারিনি। ব্যাটিং ওয়াইজ আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।’টুর্নামেন্টজুড়ে বড় লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত খালি হাতে ফেরা নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘খুবই খারাপ ফল। এখানে এসেছি টার্গেট ছিল অনেক বড়। সেটা যখন হয় নাই, তারপর আরেকটা অপশন ছিল। অপরচুনিটি আমরা মিস করেছি। এখন অপরচুনিটি ছিল বাট আমরা ভালো ক্রিকেট খেলতে পারি নাই, এজন্য সুযোগ হারিয়েছি।।’ব্যক্তিগত বাজে ফর্ম (প্রথম ম্যাচে ২ রান ও শেষ ম্যাচে ০) নিয়ে লিটন স্পষ্ট ভাষায় জানান, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’


