ছাদখোলা বাসে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের বরণ করবে বাফুফে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দল আজ সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরছে। শিরোপাজয়ী এই ফুটবলারদের বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছাদখোলা বাস শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোভাযাত্রার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে জানায়, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেশে আসা চ্যাম্পিয়ন দলটিকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেখানে আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে ফুটবলারদের জন্য একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশের ফুটবলে এই অর্জন উদযাপনের অংশ হিসেবে বাফুফে সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
সাফ জয়ী এই দলকে বিমানবন্দরে স্বাগত জানাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বড় কোনো টুর্নামেন্টে সাফল্যের পর ছাদখোলা বাসে উদযাপন এখন বাংলাদেশ ফুটবলে একটি নিয়মিত রীতি। এই বিশেষ সম্মাননার শুরু হয়েছিল ২০২২ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের মাধ্যমে।
শুক্রবার মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।