এনজোর নিষেধাজ্ঞাকে ‘সম্পূর্ণ অন্যায্য’ বললেন তার এজেন্ট
ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মন্তব্যের জেরে এনজো ফার্নান্দেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে চেলসি। ইংলিশ ক্লাবটির এমন সিদ্ধান্তকে 'সম্পূর্ণ অন্যায্য' বলে অভিহিত করেছেন তার এজেন্ট হাভিয়ের পাস্তোরে। আর্জেন্টাইন এই মিডফিল্ডার কেন এমন শাস্তির মুখে পড়েছেন, তা বোধগম্য নয় বলেও জানিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ময় প্রকাশ করে পাস্তোরে বলেছেন, 'এই শাস্তি সম্পূর্ণ অন্যায্য। তাকে কেন নিষিদ্ধ করা হলো, তার কোনো প্রকৃত কারণ বা যৌক্তিকতা নেই। এনজো নিজেও এই পরিস্থিতি বুঝতে পারছে না।'
গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ব্লুজদের বিদায়ের পর ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এনজো জানিয়েছিলেন, আগামী মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন কি না সেটা তার জানা নেই। ২০২৩ সালের জানুয়ারিতে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে এই ক্লাবে যোগ দেন তিনি, যা ট্রান্সফার ফির ক্ষেত্রে ব্রিটিশ রেকর্ড।
একই সাক্ষাৎকারে এনজো স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনো আলোচনার কথা অস্বীকার করলেও বলেছিলেন, তার সব মনোযোগ এখন চেলসিতে এবং সামনে কী হয় তা 'বিশ্বকাপের পর দেখা যাবে'। তবে সম্প্রতি অন্য এক সাক্ষাৎকারে তিনি স্পেনে বসবাসের ইচ্ছার কথা জানান। পাশাপাশি মাদ্রিদ শহর তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের কথা মনে করিয়ে দেয় বলেও মন্তব্য করেন।
চেলসির কোচ লিয়াম রসেনিয়র নিশ্চিত করেছেন যে, ওই মন্তব্যগুলোর প্রেক্ষিতে সাজা পাচ্ছেন ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এনজো। শনিবার পোর্ট ভেলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে এবং আগামী ১২ এপ্রিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না।
২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ব্লুজদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬১টি ম্যাচ খেলেছেন। আগামী ২০৩২ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। নিয়মিত অধিনায়ক রিস জেমসের অনুপস্থিতিতে নেতৃত্বও দিয়েছেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার পাস্তোরে যোগ করেছেন, 'কোচ যখন তাকে এই সিদ্ধান্তের কথা জানান, তখন সে তা মেনে নিয়েছে। কারণ সে একজন অত্যন্ত পেশাদার মানুষ এবং যেখানেই খেলুক না কেন, সে সব সময় নিজের শতভাগ উজাড় করে দেয় ও ক্লাবের সিদ্ধান্তকে সম্মান করে।'
সব মিলিয়ে এনজোর নিষেধাজ্ঞা পাওয়ার কারণ বুঝতে পারছেন না তিনি, 'কিন্তু আমরা এই শাস্তির কারণ বুঝতে পারছি না। কারণ তার বক্তব্যে সে কোনো নির্দিষ্ট ক্লাবের নাম উল্লেখ করেনি কিংবা চেলসি ছাড়তে চায় বলেও জানায়নি।'
গতকাল এক সংবাদ সম্মেলনে রসেনিয়র অবশ্য বলেছিলেন, 'সীমা লঙ্ঘন করায়' এনজোকে চেলসির পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, 'এনজোর এভাবে কথা বলাটা হতাশাজনক। একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে, কিন্তু ক্লাবের সংস্কৃতি ও আমরা যা গড়তে চাইছি, সেই জায়গা থেকে সে সীমা লঙ্ঘন করেছে।'
সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। আন্তর্জাতিক বিরতির আগে গত ১১ থেকে ২১ মার্চের মধ্যে খেলা নিজেদের সবশেষ চারটি ম্যাচের প্রতিটিতে হেরেছে তারা। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে শিরোপাধারী পিএসজির কাছে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানের বিশাল হারও রয়েছে।