ইয়ামালের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণ স্পষ্ট করলেন ফ্লিক
অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় সত্ত্বেও লামিন ইয়ামালের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণ স্পষ্ট করেছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। তার মতে, লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে গোল না পাওয়ার আক্ষেপ থেকেই এই স্প্যানিশ ফরোয়ার্ড এমন মেজাজ দেখান এবং এর পেছনে মাঠের বাইরের অন্য কোনো ঘটনার সম্পর্ক নেই।
মাদ্রিদের মেত্রোপলিতানোয় গতকাল শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জেতে বার্সা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ মুহূর্তে ১৮ বছর বয়সী ইয়ামাল দৃশ্যত অসন্তুষ্ট ছিলেন। এমনকি ৮৭তম মিনিটে রবার্ত লেভানদোভস্কির জয়সূচক গোলের পরও সতীর্থদের সঙ্গে তাকে উল্লাস করতে দেখা যায়নি।
ম্যাচশেষে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার কোচ ফ্লিক গণমাধ্যমকে বলেছেন, 'সে (ইয়ামাল) কিছুটা রাগান্বিত ছিল।'
ম্যাচের প্রথমার্ধে ফার্মিন লোপেজের পাস থেকে পাওয়া বল চিপ করে জালে জড়াতে চেয়েছিলেন ইয়ামাল। কিন্তু তার প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ আগে নিজেদের অর্ধ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে নিখুঁত পাস বাড়িয়েছিলেন তিনি। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ফার্মিন।
ফ্লিক যোগ করেছেন, 'সে (ইয়ামাল) নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। কিন্তু গোল করা বা শেষ পাসটি দেওয়ার ক্ষেত্রে ভাগ্য তার সহায় ছিল না। তবে দিনশেষে সবকিছু ঠিক আছে। তার আবেগ থাকাটাই স্বাভাবিক। এটি উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল। তবে সে এখন ড্রেসিংরুমে আছে এবং সবকিছু স্বাভাবিক।'
অ্যাতলেতিকোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সা। চলমান মৌসুমের আট ম্যাচ বাকি থাকতে তারা এগিয়ে গেছে ৭ পয়েন্টে।
৩০ ম্যাচে ২৫ জয় ও এক ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট বেড়ে হয়েছে ৭৬। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে অ্যাতলেতিকো। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়ারিয়াল।