মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন বার্নার্দো
দীর্ঘ পথচলার ইতি ঘটতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটির অধিনায়ক বার্নার্দো সিলভা চলমান ২০২৫-২৬ মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সহকারী কোচ পেপ লাইন্ডার্স বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে সিটিতে যোগ দিয়েছিলেন বার্নার্দো। ৩১ বছর বয়সী পর্তুগিজ এই মিডফিল্ডার ইতিহাদ স্টেডিয়ামে তার নয় বছরের দীর্ঘ অধ্যায়ে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। বর্তমান মৌসুম শেষ হওয়ার পর চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন তিনি।
গত শনিবার লিভারপুলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির ৪-০ গোলের জয়ের পর গণমাধ্যমকে লাইন্ডার্স বলেন, 'প্রতিটি সুন্দর গল্পেরই সমাপ্তি থাকে। আমি আশা করি, সে (বার্নার্দো) এখানে তার শেষ মাসগুলো উপভোগ করবে। আর মাত্র ছয় সপ্তাহ বাকি আছে এবং সে একটি দারুণ বিদায় পাবে। এমন সম্মান তার প্রাপ্য।'
এই ডাচ কোচ যোগ করেছেন, 'আপনি কখনোই একজন খেলোয়াড়কে ঠিক একই ধরনের আরেকজন খেলোয়াড় দিয়ে প্রতিস্থাপন করতে পারবেন না। কারণ এর আসলে কোনো অস্তিত্ব নেই। বার্নার্দো অনন্য। তার ম্যাচ নিয়ন্ত্রণের ধরন, মুভমেন্ট, বল রিসিভ করা, নেতৃত্ব দেওয়ার গুণ কিংবা সমাধানের পথ খুঁজে বের করার ক্ষমতা— এই সবকিছুই তাকে বাকিদের চেয়ে আলাদা করেছে। আপনি কখনোই একজন খেলোয়াড়ের হুবহু বিকল্প খুঁজবেন না। বরং আপনি খুঁজবেন এমন কাউকে, যে দলের উন্নতিতে অবদান রাখতে পারবে এবং শুরুর একাদশে মানিয়ে নিতে পারবে।'
নিষেধাজ্ঞায় থাকায় সিটিজেনদের স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা টাচলাইনে থাকতে পারেননি। এর আগে বার্নার্দোকে তিনি 'অপরিহার্য' হিসেবে উল্লেখ করেছিলেন।
প্রায় ৫ কোটি ৭৩ লাখ পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে মোনাকো ছেড়ে সিটিতে যোগ দিয়েছিলেন বার্নার্দো। সেই থেকে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৫০টি ম্যাচ খেলেছেন। কৌশলগত বৈচিত্র্য, দুর্দান্ত টেকনিক ও অক্লান্ত পরিশ্রমের জন্য পরিচিত এই তারকা অল্প সময়ের মধ্যে গার্দিওলার অধীনে সিটির অন্যতম প্রধান স্তম্ভ হয়ে ওঠেন।
গত মাসে ইএফএল কাপ জেতার পর এবারের মৌসুমের শেষ পর্যায়ে এসে ঘরোয়া 'ট্রেবল' জয়ের দৌড়ে টিকে আছে ম্যান সিটি। তবে এফএ কাপের সেমিফাইনালে উঠলেও প্রিমিয়ার লিগের শীর্ষস্থানধারী আর্সেনালের চেয়ে তারা ৯ পয়েন্টে পিছিয়ে রয়েছে। যদিও তাদের হাতে একটি ম্যাচ জমা রয়েছে।
আর্সেনাল ৩১ ম্যাচ খেলে অর্জন করেছে ৭০ পয়েন্ট। দুইয়ে থাকা ম্যান সিটি ৬১ পয়েন্ট পেয়েছে ৩০ ম্যাচে। অর্থাৎ ব্যবধান ঘুচিয়ে নিতে এখনও আটটি ম্যাচ বাকি আছে তাদের।
আগামী গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি ট্রান্সফারে বার্নার্দোকে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবগুলোর তালিকায় রয়েছে বার্সেলোনা ও জুভেন্তাস। তিনি দীর্ঘ সময় ধরে তাদের নজরে থাকলেও আরও বেশ কিছু দল তাকে পেতে আগ্রহী। তবে পরবর্তী গন্তব্য নিয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, তার সৌদি আরবের প্রো লিগ কিংবা যুক্তরাষ্ট্রের এমএলএসে যোগ দেওয়ার গুঞ্জনও রয়েছে।