‘যত দ্রুত সম্ভব শিরোপা নিশ্চিত করতে হবে’, ইয়ামালের চোটের রাতে সতীর্থদের পেদ্রির বার্তা

স্পোর্টস ডেস্ক

বুধবারের রাতটা বার্সেলোনার জন্য ছিল একই সঙগে স্বস্তি ও উৎকণ্ঠার। একদিকে সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে লা লিগার শিরোপার সুবাস পেতে শুরু করেছে কাতালানরা, অন্যদিকে দলের বড় বিজ্ঞাপন লামিন ইয়ামালের চোট কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে সমর্থকদের। তবে মাঠের লড়াই শেষে বার্সা মিডফিল্ডার পেদ্রির কণ্ঠে ঝরল শিরোপা জয়ের তাড়না।

মোভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে পেদ্রি স্পষ্ট করে দিয়েছেন তাদের লক্ষ্য। তিনি বলেন, ‘আমাদের প্রতিটি ম্যাচে জিততে হবে এবং যত দ্রুত সম্ভব লা লিগা নিশ্চিত করতে হবে। আজ জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার ধাক্কা সামলে ন্যু ক্যাম্পে খেলতে নেমেছিল বার্সা। হানসি ফ্লিকের শিষ্যরা খুব একটা ছন্দে না থাকলেও ব্যবধান গড়ে দেন ইয়ামাল। তার আদায় করা পেনাল্টি থেকেই আসে একমাত্র গোলটি। কিন্তু সেই গোলের পরই হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এই তরুণকে। সতীর্থের এমন অবস্থায় ব্যথিত পেদ্রি বলেন, ‘আমি আশা করি ইয়ামালের ইনজুরি যেন কয়েক সপ্তাহের বেশি না হয়। কাল তার পরীক্ষা করা হবে এবং দেখা যাবে কী হয়েছে। আমি তার শুভকামনা করি। সে তরুণ এবং অবশ্যই দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

ইয়ামালের সঙগে মাঠ ছাড়তে হয়েছে জোয়াও কানসেলোকেও। চোটের এই মিছিলে কিছুটা চাপে পড়লেও টেবিলের সমীকরণ বার্সার পক্ষেই কথা বলছে। রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনার সামনে এখন কেবল সময়ের অপেক্ষা। আগামী ১০ মে 'ক্লাসিকো'র আগেই ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে চায় তারা।

সেল্টা ভিগোর বিপক্ষে এই জয়টি কেবল ৩ পয়েন্টের নয়, বরং চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা ভুলে লিগ শিরোপার দিকে চূড়ান্ত ধাপ ফেলার মিশন হিসেবেই দেখছেন পেদ্রিরা। এখন অপেক্ষা কেবল ইয়ামালের সুস্থ হয়ে ফেরার।