হাতাহাতির ঘটনায় চুয়ামেনি ও ভালভারদেকে ৫ লাখ ইউরো জরিমানা করল রিয়াল

স্পোর্টস ডেস্ক

অনুশীলন মাঠে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে বড় অঙ্কের জরিমানা গুনছেন রিয়াল মাদ্রিদ তারকা অরেলিয়েন চুয়ামেনি ও ফেদেরিকো ভালভারদে। শুক্রবার ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই ফুটবলারের প্রত্যেককে ৫ লাখ ইউরো (প্রায় ৫ লাখ ৮৮ হাজার ডলার) করে জরিমানা করা হয়েছে। মাঠের ওই ঘটনায় ভালভারদেকে হাসপাতালেও যেতে হয়েছিল।

তবে দুই খেলোয়াড়ের ওপর কোনো ধরনের ম্যাচ নিষেধাজ্ঞা দেয়নি রিয়াল। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, এই জরিমানার মাধ্যমেই তাদের বিরুদ্ধে শুরু করা 'অভ্যন্তরীণ তদন্ত ও প্রক্রিয়া শেষ হলো'।

হাতাহাতির সময় মাথায় চোট পাওয়ায় আগামী রবিবার বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ 'এল ক্লাসিকো'তে খেলতে পারবেন না ভালভারদে। ক্লাব জানিয়েছে, তাকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। অন্যদিকে, চুয়ামেনি শুক্রবার অনুশীলনে ফিরেছেন এবং এই সপ্তাহান্তে ক্যাম্প ন্যু-তে তার খেলার সম্ভাবনা রয়েছে।

ক্লাব সূত্রে জানা গেছে, তদন্ত চলাকালীন দুই ফুটবলারই তাদের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা ক্লাব, সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লাব যে শাস্তিকে উপযুক্ত মনে করবে, তা মেনে নিতে তাঁরা দুজনেই নিজেদের তৈরি রেখেছেন।’

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার অনুশীলনের সময় এই দুই তারকার মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ড্রেসিংরুমে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে ভালভারদের কপালে ক্ষত তৈরি হওয়ায় কোচ আলভারো আরবেলোয়া তাকে হাসপাতালে নিয়ে যান, যেখানে তার ক্ষতস্থানে সেলাই দিতে হয়।

অবশ্য পুরো বিষয়টি নিয়ে পরে সুর নরম করেছেন উরুগুইয়ান তারকা ভালভারদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘খেলার চাপ আর হতাশা থেকেই পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল।' তিনি আরও দাবি করেন, 'তর্কের সময় ভুলবশত একটি টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আমার কপাল কেটে গিয়েছিল। আমার সতীর্থ আমাকে মারেননি, আর আমিও তাকে আঘাত করিনি।’

মাঠের পারফরম্যান্সেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়া শেষ করার শঙ্কায় আছে তারা। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে বর্তমানে ১১ পয়েন্ট পিছিয়ে আছে 'লস ব্লাঙ্কোস'রা। আগামী রবিবারের ম্যাচে হার এড়াতে পারলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে হ্যান্সি ফ্লিকের বার্সার।