রিয়ালকে হারিয়ে লা লিগা জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৯তম লিগ শিরোপা ঘরে তুলল কাতালান ক্লাবটি।

লিগে এখন পর্যন্ত বার্সার সংগ্রহ ৯১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে তারা ১৪ পয়েন্টে এগিয়ে গেছে। এবারের মৌসুমে এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচে হেরেছে হান্সি ফ্লিকের দল। অন্যদিকে, ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ভিয়ারিয়াল।

শিরোপার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না রিয়ালের সামনে। তবে ম্যাচের শুরুতেই তাদের সেই স্বপ্ন বড় ধাক্কা খায়। ৯ মিনিটের মাথায় ডি-বক্সের ঠিক বাইরে ফেরান তোরেসকে ফাউল করেন আন্তোনিও রুডিগার। সেখান থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে বার্সাকে লিড এনে দেন মার্কাস র‍্যাশফোর্ড।

১৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। ফের্মিন লোপেসের ক্রস থেকে দানি ওলমোর ব্যাকহিল পাস পান তোরেস। জোরালো শটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি।

বার্সেলোনার কোচ হিসেবে এটি ফ্লিকের টানা দ্বিতীয় লিগ শিরোপা। গত মৌসুমেও তার অধীনে লা লিগা ও কোপা দেল রে জিতেছিল ক্লাবটি।

চোট ও নিষেধাজ্ঞার কারণে দুই দলই পূর্ণশক্তির একাদশ নামাতে পারেনি। বার্সার একাদশে ছিলেন না লামিন ইয়ামাল, রাফিনিয়া ও জুল কুন্দের মতো তারকারা। অন্যদিকে রিয়াল হারিয়েছে এদের মিলিতাও, দানি কারভাহাল, আরদা গুলের ও রদ্রিগোকে। সতীর্থ চুয়ামেনির সঙ্গে ঝামেলার জেরে বাদ পড়েছেন ফেদেরিকো ভালভার্দে। এছাড়া পেশির চোটের কারণে স্কোয়াডে ছিলেন না কিলিয়ান এমবাপে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর কিছু সুযোগ পেয়েছিল রিয়াল। ৬২ মিনিটে জুড বেলিংহ্যাম বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর ভিনিসিয়ুস জুনিয়রও গোল করতে ব্যর্থ হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় আলভারো আরবেলোয়ার দলকে।

ম্যাচ শেষে বার্সা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, 'নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে জিতে শিরোপা নিশ্চিত করাটা অনেক বেশি আনন্দের। পুরো বছর জুড়ে আমরাই স্পেনের সেরা দল ছিলাম।'