ইসলামাবাদে শাটলার সিফাত-নাজমুলের দ্বৈত স্বর্ণ জয়
দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ছেলেদের দ্বৈত ইভেন্টে শিরোপা জিতেছেন বাংলাদেশের এসএসএম সিফাত উল্লাহ ও নাজমুল ইসলাম জয়।
গতকাল মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর ফাইনালে নেপালের প্রিন্স দাহাল ও ক্ষিতিজ খানাল জুটির বিপক্ষে ২-১ সেটে জিতে স্বর্ণ নিশ্চিত করেন সিফাত ও নাজমুল। তারা চ্যাম্পিয়ন হন ২১-১৫, ১৮-২১ ও ২১-১৪ পয়েন্টর ব্যবধানে।
এর আগে সেমিফাইনালে পাকিস্তানের রাজ হোসেন ও মুহাম্মদ জায়েদ জুটিকে সরাসরি সেটে ২১-১৮ ও ২১-১৯ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের এই দুই শাটলার।
বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান থেকে মোট চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
দ্বৈত ইভেন্টে সফল হলেও ছেলেদের একক ইভেন্টে আক্ষেপ থেকে গেছে শীর্ষ বাছাই সিফাতের। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫৭৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করা এই শাটলার সেমিফাইনালে নেপালের দাহালের কাছে সরাসরি সেটে ২১-২৩ ও ১৫-২১ ব্যবধানে হেরে বিদায় নেন।
অন্যদিকে, নাজমুলের একক ইভেন্টের যাত্রা ছিল হতাশাজনক। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের আব্দুল মান্নানের কাছে ৬-২১, ২১-১১ ও ২১-১৪ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি।