চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ
লড়াইটা পঞ্চম স্থান নির্ধারণীর হলেও মাঠে উত্তেজনার কোনো কমতি ছিল না। আবারও চাইনিজ তাইপের লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখানে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে বাছাইপর্বের পঞ্চম স্থান নিজেদের করে নিয়েছে গত আসরের রানার্সআপ বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস বাছাইপর্বের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার চাইনিজ তাইপের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। আগের আসরের রানার্সআপরা এবার আর শিরোপার লড়াইয়ে থাকতে না পারলেও, টুর্নামেন্টের শেষটা অন্তত জয়ে রাঙিয়েছে।
এর ঠিক আগের দিনই (বৃহস্পতিবার) হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে আসন্ন এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করার পাশাপাশি হাঁফ ছেড়ে বেঁচেছিল বাংলাদেশ। সেই স্বস্তি নিয়েই শুক্রবার মাঠে নামা দলটি ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায়। সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। ১১তম মিনিটে ফিল্ড গোল থেকে লক্ষ্যভেদ করে চাইনিজ তাইপেকে ১-১ সমতায় ফেরান ওয়েই চেং-জে। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটেই আবারও দৃশ্যপটে হাজির হন আশরাফুল। আরও একটি পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ফিনিশিংয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন তিনি।
কিন্তু বিরতির ঠিক এক মিনিট আগে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপে। এবার লো হাই-কাইয়ের ফিল্ড গোল থেকে স্কোরলাইন ২-২ করে ফেলে তারা।
বিরতির পর লিড পুনরুদ্ধারের লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ শানাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৮তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। দুর্দান্ত এক ফিল্ড গোল থেকে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন নতুন মুখ মেহরাব হাসান সামিন। তার এই গোলেই শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেও এই চাইনিজ তাইপের বিপক্ষেই ৪-৩ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।