বাঁচা-মরার লড়াইয়ে একাধিক বদল নিয়ে নামবে বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক, আবুধাবি থেকে

পারভেজ হোসেন ইমনের পর পরই নেটে নামলেন সাইফ হাসান। এই ডানহাতি ব্যাটারকে নানান নির্দেশনা দিচ্ছেলেন প্রধান সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আরেক পাশে তখন তানজিম হাসান সাকিবের সঙ্গে প্রস্তুত হচ্ছিলেন তাসকিন আহমেদ। 

বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ পেছন থেকে দাঁড়িয়ে দেখছিলেন দুই স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদীর বোলিং। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগের রাতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ফুরফুরে থাকার চেষ্টা করলেও তাদের ভেতরে যে দুশ্চিন্তা কাজ করছে তা আড়াল হচ্ছিলো না। 

শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কিছু জায়গায় ঘাটতি ছিলো বাংলাদেশের, এসব ঘাটতি নিয়ে হচ্ছে দলের সমালোচনা। গর্ত থেকে উঠে আসতে মরিয়া লিটন দাসের দল একাদশে একাধিক বদল আনতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। 

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে অন্তত তিন বদল আসতে পারে। টানা ব্যর্থতায় এশিয়া কাপে যাওয়ার পরও আড়ষ্ট থাকা তাওহিদ হৃদয়কে খেলানো নিয়ে প্রশ্ন উঠেছে, দুই ওপেনারের অধারাবাহিকতাও আলোচোনায়। সাইফ হাসান যেহেতু ওপেনিং ও মিডল অর্ডার দুই জায়গায় খেলতে পারেন। তিনি এই তিনজেরই বিকল্প হিসেবে বিবেচিত। তবে ওপেনিং জুটি এখনই না ভেঙে হৃদয়কে বসিয়ে সাইফকে খেলানোর সম্ভাবনা কিছুটা বেশি।  

লেগ স্পিনার রিশাদ হোসেন এশিয়া কাপে আবুধাবির মাঠের আকৃতিতে যেন তালগোল পাচ্ছেন না। হংকংয়ের বিপক্ষে গড়পড়তা পারফর্ম করে উৎরে গেলেও লঙ্কানদের বিপক্ষে তাকে দিয়ে এক ওভারের বেশি বল করাতে পারেননি লিটন। ওই ১ ওভারে দিয়েছিলেন ১৮ রান, লেগ স্টাম্পের বাইরে এমনভাবে বল ছাড়ছিলেন যা ছিলো বেশ দৃষ্টিকটু। তার জায়গায় একাদশে আসতে তৈরি হয়ে আছেন নাসুম আহমেদ। 

পেস আক্রমণে একটি বদল প্রায় নিশ্চিত। এক ম্যাচ বাইরে থাকার পরই ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারকে জায়গা দিতে শরিফুল ইসলাম নাকি মোস্তাফিজুর রহমান কাকে বাইরে রাখা হবে এই প্রশ্নও আছে। মোস্তাফিজ মোটামুটি অটো চয়েসের মতন থাকলেও লঙ্কানদের বিপক্ষে একটি উইকেট পাওয়া ছাড়া ছিলেন ভীষণ বিবর্ণ, খরুচে বল করে চাপ আলগা করে দিয়েছেন তিনি। শরিফুলও আহামরি কিছু করেননি, উইকেট পাননি তবে মোস্তাফিজ থেকে রান কম দিয়েছিলেন। 

বাংলাদেশের স্পিন কোচ মুশতাক যেকোনো কথায় বারবার বলতে থাকেন, 'বিশ্বাস'। তার এই বারবার 'বিশ্বাস আছে', 'বিশ্বাস রাখতে' হবে এমন কথা নিয়ে যে হাসাহাসি হয় নিজেই টের পেয়ে পেছনের গল্প শুনালেন। জানালেন পাকিস্তান দলে ইমরান খান, জাভেদ মিয়াদাঁদাররা তার ভেতরে গেঁথে দিয়েছেন এই মন্ত্র। আপাতত এই মন্ত্রে পরিত্রান খুঁজছে বাংলাদেশ দল। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম/মোস্তাফিজুর রহমান।