এশিয়া কাপ ২০২৫

যেটা কপালে লেখা আছে, ওটাই হবে: নাসুম

ক্রীড়া প্রতিবেদক, আবুধাবি থেকে

নাসুম আহমেদের কণ্ঠ থেকে শ্রীলঙ্কাকে সমর্থনের কথা বের করা গেল না। মনে যাই থাকুক না কেন, মুখে তিনি অন্য কোন দলকে সমর্থনের কথা আনতে চান না। এশিয়া কাপে বাংলাদেশের এখন যা সমীকরণ তাতে নিজেদের হাতে কিছু নেই। সুপার ফোরে যেতে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের উপর নির্ভর করতে হবে। গত রানে বাংলাদেশের জয়ের নায়ক আপাতত সব ছেড়ে দিতে চান নিয়তির হাতে।

মঙ্গলবার রাতে ম্যাচ আফগানিস্তানকে টানটান উত্তেজনার ম্যাচে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে আছে বাংলাদেশ। দলকে জেতাতে একাদশে ফেরা নাসুম ১১ রানে ২ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। বুধবার বাংলাদেশ দল আবুধাবির পার্ক রোটানা হোটেল থেকে দুপুরে রওয়ানা হয়েছে দুবাইর উদ্দেশে। সেখানে গিয়ে আপাতত কোন কাজ নেই, কেবল অপেক্ষা আগামীকাল পর্যন্ত।

দুবাই যাওয়ার আগে ব্যস্ততার ফাঁকে টিম হোটেলের বাইরে আসেন নাসুম। নিরাপত্তাজনিত কড়াকড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কড়া রোদের মধ্যে বাইরে আসতে হয় তাকে।

নিজেদের টিকে থাকার সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে নাসুমের আশ্রয় নিয়তিতে। শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে উঠবে বাংলাদেশ। আফগানিস্তান জিতলে হিসেবে আসবে নেট রানরেট। সেখানে সমীকরণ মিলতে হলে শ্রীলঙ্কার হারতে হবে বড় ব্যবধানে।

এই ম্যাচ নিয়ে আপাতত কোন চিন্তা করতে চান না নাসুম, 'যে ভালো খেলবে ওই জিতবে। এগুলা নিয়ে চিন্তা করছি না। যেটা কপালে আছে ওটাই হবে।'

সমীকরণ মাথায় নিয়ে অন্য কোন দলকেই সমর্থন করতে চান না নাসুম,  'বললাম যারা ভালো খেলবে ওরাই জিতবে। নির্দিষ্ট ভাবে কাউকে সমর্থন করা বা কারো জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেইটা লেখা আছে কপালে ওইটাই হবে। কাজেই আমরা এটা নিয়ে এত ভাবছি না। যা হবার তাই হবে।'