এশিয়া কাপ

হাত না মেলানো থেকে ম্যাচ বর্জনের হুমকি: যা যা হলো

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে হাত না মেলানো নিয়ে তৈরি হওয়া বিতর্ক একের পর এক নাটকীয় মোড় নিচ্ছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে অপসারণ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কঠোর অবস্থান ও তাদের দাবি আইসিসির প্রত্যাখ্যান ঘিরে দ্বন্দ্বের জেরে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে গেছে।

পাকিস্তান দলের এশিয়া কাপ বর্জনের গুঞ্জন অবশ্য আপাতত কেটে গেছে। বুধবার দেরিতে হলেও টিম হোটেল থেকে রওনা দিয়ে ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছেছে তারা।

ঘটনার ধারাবাহিকতা:

১৪ সেপ্টেম্বর: 'এ' গ্রুপের হাইভোল্টেজ ম্যাচের টসের সময় হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। এরপর খেলা শেষে গোটা ভারত দলই পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানায়।

সূর্যকুমার পরে জানান, সিদ্ধান্তটি বিসিসিআই ও ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেদিন অংশ নেননি সালমান। পাকিস্তানের কোচ মাইক হেসনও ভারতের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

১৫ সেপ্টেম্বর: পাকিস্তানের ম্যানেজার নাভিদ চিমা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন যে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পক্ষপাতমূলক আচরণ করেছেন।

পিসিবি জানায়, টসের সময় পাইক্রফটই পাকিস্তানের অধিনায়ক সালমানকে বলেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে হাত না মেলাতে। তারা দাবি তোলে, জিম্বাবুইয়ান ম্যাচ রেফারিকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দিতে হবে।

১৬ সেপ্টেম্বর: পিসিবির দাবি প্রত্যাখ্যান করে আইসিসি। জবাবে পিসিবি হুমকি দেয়, পাইক্রফট ম্যাচ রেফারি থাকলে, তারা আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে না। 

শুধু তাই নয়, পাকিস্তান দল তাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করে। যদিও অনুশীলন সেশন যথারীতি চলে। পাশাপাশি আইসিসিকে আরেকটি চিঠি লিখে তাদের দাবি পুনর্ব্যক্ত করে পাকিস্তান বোর্ড।

১৭ সেপ্টেম্বর: টানাপোড়েনের পর অবশেষে পাকিস্তান দল দেরি করে হলেও টিম হোটেল থেকে বাসে করে দুবাই স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানোর ঘোষণা দেওয়া হয়।

চমকপ্রদ ব্যাপার হলো, পাইক্রফটই থাকছেন পাকিস্তান ও আরব আমিরাতের লড়াইয়ের ম্যাচ রেফারির দায়িত্বে। পিসিবির বরাতে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান দলের অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফট।