টানা দ্বিতীয়বার সংবাদ সম্মেলন বর্জন করল পাকিস্তান
এশিয়া কাপে ম্যাচ খেলবে কিন্তু সংবাদ সম্মেলনে আসতে রাজী নয়, পাকিস্তান ক্রিকেট দলের আপাতত এই নীতি। টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বর্জন করেছে দলটি।
আগামীকাল দুবাইতে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। এই ম্যাচ সামনে রেখে আগের রাতেই প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে হাজির হন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আজ বিকেলে দুবাইতে পাকিস্তান দলের প্রতিনিধির আসার কথা ছিলো গণমাধ্যমের সামনের। তবে তবে এসিসি মিডিয়া জানায়, দলটি সংবাদ সম্মেলনে আসবে না।
কারণ জানতে চাইলেও কোন মন্তব্য করতে চাননি পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বর্জন করেছিলো তারা। ম্যাচের দিনও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে না সরালে বয়কটের হুমকি দিয়ে দেয় তারা। পরে ঠিকই মাঠে আসতে রাজী হয়। খেলা শুরু হয় এক ঘন্টা দেরিতে, যা এসিসি বা আইসিসির কোন আসরে বিরল ঘটনা।
গত রোববার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বড় ব্যবধানে হারে পাকিস্তান, ম্যাচ শেষে ভারতীয় দল হাত মেলায়নি পাকিস্তানের সঙ্গে। এর জেরে পুরস্কার বিতরণী আয়োজন বর্জন করেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। বর্জন, বয়কটের নাটকের মধ্যে আগামীকাল আবার দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে।