এশিয়া কাপ ২০২৫

ভারতকে অন্য যেকোনো দলের কাতারে দেখেই নামবেন শেখ মেহেদীরা!

ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকী

শেখ মেহেদী কথা বলার সময় একটা বল উড়ে আসছিল পেছন দিক থেকে। 'ওয়াচ', 'ওয়াচ' আওয়াজে কথার মাঝেই থামতে হলো। এরকম হলো আরও বার দুয়েক। ভারত ম্যাচ সামনে রেখে বাংলাদেশি ব্যাটারদের বড় শটের মহড়ায় পুরো অনুশীলনেই তটস্থ থাকতে হয়েছে। 'বল আসতে পারে, খেয়াল রাখবেন।' বলে কথা শুরু করা এই অফ স্পিনার শক্তিশালী প্রতিপক্ষের প্রসঙ্গে কেমন যেন দেখালেন নির্বিকার প্রতিক্রিয়া।

এমনিতে আনুষ্ঠানিক কোন সংবাদ সম্মেলন ছিলো না। বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধে অনুশীলনের শেষ দিকে আইসিসি একাডেমি মাঠের এক কোণায় আসেন তিনি। বোলিংয়ে শেখ মেহেদীও সাইফ হাসান, পারভেজ হোসেন ইমনদের হাতে বেশ কিছু ছক্কা হজম করেছেন, পরে ব্যাটিং অনুশীলনের পর জিরিয়ে এসে দাঁড়ান ক্যামেরার সামনে।

বুধবার সুপার ফোরে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। খাতায়-কলমে তো বটেই, টুর্নামেন্টের পারফরম্যান্সের জেরেও সূর্যকুমার যাদবের দল বাকিদের চেয়ে ঢের এগিয়ে। কঠিন এই ম্যাচের আগে আলাদা কোন চিন্তা করতে রাজী নন তারা,  'ম্যাচ জেতার পরে না। আগে থেকেই আমরা স্বাভাবিক। যেভাবে আমরা আছি আমাদের শরীরী ভাষা যেভাবে আছে আমরা বেশি কিছু চিন্তা করছি না। কেবল একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য নামব।  প্রতিপক্ষ ভারত কী অস্ট্রেলিয়া এটা নিয়ে আমরা চিন্তা করছি না।'

ভারতের বিপক্ষে ১৭টি টি-টোয়েন্টি খেলে কেবল একটা জিতেছে বাংলাদেশ। বহুজাতিক আসরে কুড়ি ওভারের ক্রিকেটে দলটির বিপক্ষে নেই কোন জয়। এশিয়া কাপের ফাইনালের হাতছানি দেয়ার মঞ্চে দলের আবহে বিশ্বাসের ভিত কতটা মজবুত জানতে চাইলে আইসিসি সহযোগী সদস্য এক দেশের নাম বলে ভারতের প্রসঙ্গ টানেন শেখ মেহেদী,  'আমার মনে হয় আমরা যদি অমুকের (নামটা উহ্য রাখা হলো)  সঙ্গেও ম্যাচ খেলি প্রত্যেকটা ম্যাচই জিতার জন্য বিশ্বাস থাকে সবার।  নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। ম্যাচের পরিস্থিতিতে সবকিছু হয়ে থাকে।'

ভারত ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বাড়তি হাইপ তৈরি হয়, এবারও হচ্ছে। দর্শকদের থাকে আলাদা উন্মাদনা। তবে শেখ মেহেদীর  মনে হচ্ছে এসবের সঙ্গে তাদের খেলার কোন সম্পর্ক নেই, 'এটা নিয়ে চিন্তা করছি না, এটা তো আপনারা তৈরি করছেন বা দর্শকরা তৈরি করছে, আমরা স্বাভাবিক যেভাবে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আসছি ঠিক ওইভাবেই খেলব।'