মুশফিকের চোখে তামিমই বাংলাদেশের সেরা ব্যাটার

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে সব আলো কেড়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ পরিত্যক্ত হলেও নতুন ভূমিকায় নিজেকে চিনিয়েছেন ভিন্নভাবে। নিজের এমন অর্জনের দিনে বন্ধু ও অধিনায়ক তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তামিমকে দেশ সেরা ব্যাটারের তকমাও দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৬০ বলে সেঞ্চুরি করে ফেলেন মুশফিক। সাকিব আল হাসানের রেকর্ড (৬৩ বলে সেঞ্চুরি) ভেঙে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেন তিনি। তার এমন রুদ্রমূর্তির দিনে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৪৯ রান করে ফেলে বাংলাদেশ।

বৃষ্টিতে আয়ারল্যান্ড ব্যাট করতে না পারায় খেলা হয়ে যায় পরিত্যক্ত। খেলা ভেস্তে গেলেও কিছু রেকর্ড ধরা দিয়েছে বাংলাদেশের। এদিনই ছিল তামিমের জন্মদিন। জন্মদিনে নেমে ব্যাট হাতে বড় রান না করলেও সব সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।

ম্যাচ শেষে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের সঙ্গে ছবি দিয়ে পোস্ট করেন মুশফিক। তাতে নিজের অর্জনে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি,  'মাঠের বাইরে সব রকম সমর্থন দেওয়ার জন্য আজ মুশফিককে ধন্যবাদ দিতে চাই। আমি এখন পর্যন্ত সামান্য যা অর্জন করেছি, তাতে এই ভদ্রলোকের বড় ভূমিকা আছে। ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছে এবং আমার চোখে বাংলাদেশের সেরা ব্যাটার। সব কিছুর জন্য কৃতজ্ঞতা বন্ধু। তোর সময়ও দ্রুতই আসবে ইনশাল্লাহ।'

মুশফিকের পোস্টের নিচে মন্তব্য করে তামিম লিখেছেন,  'ধন্যবাদ বন্ধু। মাঠ আজ তুই অসাধারণ ছিলি।'

আয়ারল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। সিরিজ জেতা নিশ্চিত করতে জিততে হবে শেষ ম্যাচ।