নেইমার আমার বন্ধু, আমি চাই সে বিশ্বকাপে থাকুক: মেসি
লিওনেল মেসি মনে করেন নেইমার এখনো বিশ্ব ফুটবলের সেরাদের কাতারেই আছেন। আগামী মাসের ফিফা বিশ্বকাপে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সময়মতো ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি। উরুগুয়ের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও চোটের সমস্যা তার পিছু ছাড়েনি। ২০২৫ সালে ২৮টি ম্যাচ খেললেও এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১২টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন তিনি।
‘লো দেল পোলো’ শো-তে মেসি বলেন, ‘আমরা চাই সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে থাকুক। নেইমার ফর্মে থাকুক আর না থাকুক, সে সব সময় সেরাদের একজন। ব্রাজিল এবং ফুটবলের কাছে তার যে গুরুত্ব, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার। আমি আশা করি সে সেখানে থাকবে। তবে এই বিষয়ে আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন, কারণ নেইমারকে সব সময় মাঠেই থাকা উচিত।’
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজিতে একসঙ্গে খেলেছেন নেইমার ও মেসি। তাদের এই দীর্ঘদিনের বন্ধুত্বের কারণেই নিরপেক্ষ মতামত দেওয়া কঠিন বলে স্বীকার করেছেন মেসি, ‘আমি নিরপেক্ষ হতে পারছি না, নেইমার আমার বন্ধু। স্বাভাবিকভাবেই আমি চাইব সে বিশ্বকাপে থাকুক। মানুষ হিসেবে সে যেমন, তাতে তার সঙ্গে ভালো কিছু হওয়াই প্রাপ্য। আমি আশা করি সে সেখানে থাকবে।’
নেইমারের ব্যক্তিত্ব নিয়ে মেসি যোগ করেন, ‘সে খুব চমৎকার একজন মানুষ। সে কোনো অভিনয় করে না; যা অনুভব করে সেভাবেই জীবন কাটায়, পরিণতির কথা ভাবে না। সে খুব হাসিখুশি ও স্বাভাবিক।’
আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা আরও জানান, ২০২২ সালের বিশ্বকাপ শিরোপা ধরে রাখা আর্জেন্টিনার জন্য বেশ কঠিন হবে। র চোখে এবারের শিরোপার দৌড়ে স্পেন, ফ্রান্স ও ব্রাজিল অন্যতম দাবিদার। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি বলেন, ‘আমরা জানি দলগুলোর শক্তির বিচারে বিশ্বকাপ সব সময়ই জটিল। কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ—যেকোনো টুর্নামেন্ট এলেই সব আর্জেন্টাইনের মতো আমাদেরও আশা থাকে। তবে আমাদের এটাও মানতে হবে যে, অন্য কিছু ফেবারিট দল বর্তমানে আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে।’