ক্ষমা চেয়ে বিশ্বকাপের জন্য উরুগুয়ে দলে ফিরতে প্রস্তুত সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ আন্তর্জাতিক ফুটবলে ফেরার দরজা খোলা রাখার কথা জানিয়েছেন। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে দলের প্রয়োজন হলে অবসর ভেঙে ফিরতে রাজি আছেন তিনি। আর এমনটা হলে ১৯ মাসেরও বেশি সময় পর আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

১৪৩ ম্যাচে ৬৯ গোল নিয়ে উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ৩৯ বছর বয়সী সুয়ারেজ। গত ২০২৪ সালের সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা।

জাতীয় দল থেকে সুয়ারেজের বিদায়বেলাটা বেশ আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিল। সেসময় কোচ মার্সেলো বিয়েলসার দল পরিচালনার ধরন নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। দাবি করেছিলেন, কোচের কারণে ড্রেসিংরুমে ফুটবলাররা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। তবে এবার এই ফরোয়ার্ড জানিয়েছেন, সেই মন্তব্যের জন্য ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন তিনি।

বার্তা সংস্থা ইএফইর প্রতিবেদন অনুসারে, সংবাদমাধ্যমকে সুয়ারেজ বলেছেন, 'জাতীয় দলের যদি আমাকে প্রয়োজন হয়, তবে আমি কখনোই তাদেরকে "না" বলব না, বিশেষ করে সামনে যখন বিশ্বকাপ।'

তিনি আরও বলেছেন, 'সেসময় তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দিতেই আমি সরে দাঁড়িয়েছিলাম। তখন আমি এমন কিছু কথা বলেছিলাম, যা আমার বলা উচিত হয়নি। যাদের কাছে আমার ক্ষমা চাওয়া প্রয়োজন, তাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি।'

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সুয়ারেজ। তিনি জানিয়েছেন, বয়স বাড়লেও তার ভেতর এখনও লড়াই করার তাড়না কাজ করে, 'যখন আপনি বুঝতে পারেন যে, আপনার ভেতর এখনও কিছুটা দম বাকি আছে, তখন আপনার ভেতর লড়াই চালিয়ে যাওয়ার একটা তাগিদ জাগে। মাঠে নামলে সেটা বোঝাও যায়— যখন হারলে বা খারাপ পাস দিলে রাগ হয়, আবার গোল করলে আগের মতোই আনন্দ লাগে।'

দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের জার্সি গায়ে চারটি বিশ্বকাপে খেলেছেন সুয়ারেজ। ২০১০ সালের আসরে চতুর্থ স্থান অর্জনে বড় ভূমিকা রাখার পর তিনি ছিলেন দলটির ২০১১ সালের কোপা আমেরিকাজয়ী স্কোয়াডেও।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে 'এইচ' গ্রুপে খেলবে লা সেলেস্তেরা। তাদের প্রতিপক্ষরা হলো ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, সৌদি আরব ও কেপ ভার্দে।