স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের জন্য মঙ্গলবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। সেখানে ডাক পেয়েছেন এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেইগ গর্ডন।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে সবশেষ ১৯৯৮ সালের আসরে খেলা স্কটিশরা। তাদের কোচ স্টিভ ক্লার্কের ঘোষিত স্কোয়াডে গর্ডনসহ তিনজন গোলরক্ষক, দশজন ডিফেন্ডার, আটজন মিডফিল্ডার ও পাঁচজন ফরোয়ার্ড রয়েছেন।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সান্ডারল্যান্ডের হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন গর্ডন। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের গোলপোস্টের নিচে তার ওপরই আস্থা রেখেছিলেন কোচ ক্লার্ক। চোটের কারণে গত জানুয়ারির পর আর খেলতে না পারলেও চলতি মাসের শেষদিকে তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

স্কটিশদের স্কোয়াডে রয়েছে বেশ কিছু তারকা খেলোয়াড়। তারা হলেন লিভারপুলের অ্যান্ডি রবার্টসন, নাপোলির স্কট ম্যাকটমিনে ও অ্যাস্টন ভিলার জন ম্যাকগিন।

আসন্ন বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে ক্লার্কের শিষ্যরা। 'সি' গ্রুপে তাদের সঙ্গী রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো ও ৫২ বছরের বিশাল অপেক্ষা ঘুচিয়ে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফেরা হাইতি।

বিশ্বকাপের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক নবমবারের মতো অংশ নিতে যাওয়া স্কটল্যান্ড। আগের আটটি আসরে কোনোবারই গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারেনি দলটি।

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ক্রেইগ গর্ডন, অ্যাঙ্গাস গান, লিয়াম কেলি

ডিফেন্ডার: গ্রান্ট হ্যানলি, জ্যাক হেন্ড্রি, অ্যারন হিকি, ডম হায়াম, স্কট ম্যাককেনা, নাথান প্যাটারসন, অ্যান্থনি রালস্টন, অ্যান্ডি রবার্টসন, জন সুটার, কিয়েরন টিয়ার্নি

মিডফিল্ডার: রায়ান ক্রিস্টি, ফিন্ডলে কার্টিস, লুইস ফার্গুসন, বেন গ্যানন-ডোক, বিলি গিলমোর, জন ম্যাকগিন, কেনি ম্যাকলিন, স্কট ম্যাকটমিনে

ফরোয়ার্ড: চে অ্যাডামস, লিন্ডন ডাইকস, জর্জ হার্স্ট, লরেন্স শ্যাংকল্যান্ড, রস স্টুয়ার্ট।