বিশ্বকাপ সম্প্রচারস্বত্বের দৌড়ে নতুন মোড়
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাংলাদেশের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। ফলে এখন সম্প্রচার প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম দামে সরাসরি ফিফার সঙ্গে নতুন করে আলোচনা করার সুযোগ পাচ্ছে।
স্প্রিংবকের প্রধান নির্বাহী কর্মকর্তা গোপাল পাডিয়া সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'হ্যাঁ, বিষয়টি সত্যি। বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে না পারায় আমি অধিকার ছেড়ে দিয়েছি।' মার্চে চূড়ান্ত হওয়া এই চুক্তির মূল্য ছিল ৭ দশমিক ২১১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ কোটি টাকা।
দ্য ডেইলি স্টারের হাতে থাকা নথি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে একাধিক কিস্তির অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়াও চুক্তি বাতিলের অন্যতম কারণ। চুক্তি স্বাক্ষরের ২০ দিনের মধ্যে মোট অর্থের ৩০ শতাংশ, এরপর ১০ এপ্রিলের মধ্যে আরও ৩০ শতাংশ, ১০ মে’র মধ্যে ২০ শতাংশ এবং শেষ ২০ শতাংশ ৩১ মে’র মধ্যে পরিশোধ করার কথা ছিল।
সূত্র জানিয়েছে, প্রথম তিন কিস্তির অর্থ সময়মতো পরিশোধ না হওয়ায় গত সপ্তাহেই চুক্তিটি বাতিল করা হয়।
এর আগে দ্য ডেইলি স্টার জানিয়েছিল, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কাছে কর, অগ্রিম আয়কর ও ভ্যাট ছাড়া ১২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা দাবি করেছিল স্প্রিংবক। তাদের প্যাকেজে টেলিভিশন, রেডিও, মোবাইল ও ইন্টারনেট সম্প্রচারস্বত্ব অন্তর্ভুক্ত ছিল।
চুক্তি বাতিল হওয়ার পর এখন বাংলাদেশের টি স্পোর্টস ও স্টার নিউজের যৌথ উদ্যোগ এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কেনার সম্ভাব্য ক্রেতা হিসেবে সামনে এসেছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাজার পরিস্থিতি বিশ্লেষণ ও আলোচনা শেষে ফিফা বাংলাদেশের জন্য তাদের চাওয়া মূল্য কমাতে রাজি হয়েছে এবং বর্তমানে দুই পক্ষের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করার আলোচনা চলছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফিফার প্রাথমিক দাবি ছিল ৭ মিলিয়ন ডলার। এখন তারা অন্তত ৫ মিলিয়ন ডলারের কিছু বেশি চাইছে। তবে ভারত ও চীনে মূল্য কমে যাওয়ার কারণে আমাদের মতে এটি ২ থেকে ৩ মিলিয়ন ডলারের মধ্যে হওয়া উচিত।'
তিনি আরও জানান, ওই মূল্যেও লাভজনক হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই বিটিভিকে বিনামূল্যে ফিড দেওয়ার সম্ভাবনাও কম।
কর্মকর্তাটি বলেন, 'বিটিভি যদি চুক্তি নিশ্চিত হওয়ার পর অর্থ দিতে রাজি হয়, তাহলে আমরা ফিড দেব। কিন্তু বিনামূল্যে দেওয়া সম্ভব নয়।' তিনি আরও জানান, বিটিভি সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করছে না। 'এটা অনেকটা উন্মুক্ত দরপত্রের মতো। যে বেশি মূল্য দেবে, তারাই স্বত্ব পাবে।'
তিনি আরও জানান, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির কথা উল্লেখ করে বাংলাদেশ সরকারও ফিফার কাছে বিনামূল্যে সম্প্রচারস্বত্ব চেয়েছিল। তবে ফিফা তা প্রত্যাখ্যান করেছে। ফিফার যুক্তি, তারা এই স্বত্ব থেকে পাওয়া আয়ের মাধ্যমে স্থানীয় ফুটবল ফেডারেশনকে প্রতি বছর মিলিয়ন ডলার সহায়তা দেয়, তাই বিনামূল্যে স্বত্ব দেওয়া সম্ভব নয়।
তবে আগামী কয়েক দিনের মধ্যেই ইতিবাচক সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই কর্মকর্তা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি বলেন, 'এখনও আমার কাছে কোনো তথ্য নেই, তাই কিছু বলতে পারছি না। আশা করি এক-দুই দিনের মধ্যেই বিষয়টি জানানো যাবে।'
বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনের কোটি কোটি ফুটবল সমর্থকও সম্প্রচারস্বত্ব জটিলতার কারণে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। তবে সম্প্রতি ফিফা চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে ২০২৬ ও ২০৩০ পুরুষ বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ নারী বিশ্বকাপের সম্প্রচার চুক্তি নিশ্চিত করেছে।
এদিকে ভারতে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব নিয়ে আলোচনাও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
আগামী ১২ জুন শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল হবে ২০ জুলাই।