হামেসকে নিয়েই কলম্বিয়ার বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ অসুস্থতা ও অনিশ্চয়তার পরও হামেস রদ্রিগেসের ওপর আস্থা রেখেছে কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত কলম্বিয়ার চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন অধিনায়ক।

একসময় রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও এভারটনের হয়ে খেলা এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন মিনেসোটা ইউনাইটেডে। তবে চলতি মৌসুমে অসুস্থতার কারণে খুব বেশি খেলতে পারেননি তিনি। মেজর লিগ সকারে মিনেসোটার ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন হামেস। সব মিলিয়ে মাঠে কাটিয়েছেন মাত্র ১৯৪ মিনিট।

গত মার্চে ফ্রান্সের বিপক্ষে কলম্বিয়ার ৩-১ গোলের হারের ম্যাচে অসুস্থ হয়ে পড়েন ৩৪ বছর বয়সী এই তারকা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তীব্র পানিশূন্যতার কারণে তিন দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম ও যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি নাকি হ্র্যাবডোমায়োলাইসিসে আক্রান্ত, যা পেশি ক্ষয়জনিত প্রাণঘাতী রোগ। তবে মিনেসোটা ইউনাইটেড শুরু থেকেই সেই দাবি অস্বীকার করে এসেছে।

২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেস ফেব্রুয়ারিতে মিনেসোটায় যোগ দেন, ঠিক এমএলএস মৌসুম শুরুর আগে।

বিশ্বকাপ দলে হামেসের সঙ্গে আছেন লুইস দিয়াজও। বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলা এই উইঙ্গার কলম্বিয়ার আক্রমণভাগের অন্যতম বড় ভরসা। এছাড়া ক্রিস্টাল প্যালেসের ড্যানিয়েল মুনিওস ও জেফারসন লেরমাও জায়গা পেয়েছেন স্কোয়াডে। অভিজ্ঞ গোলরক্ষক দাভিদ ওসপিনাও ফিরেছেন দলে।

২০২২ কাতার বিশ্বকাপে জায়গা না পাওয়া কলম্বিয়া এবার আবারও বিশ্বমঞ্চে ফিরছে। বিশ্বকাপের আগে বোগোটায় অনুশীলন করবে দলটি। এরপর ১ জুন কোস্টারিকা ও ৭ জুন জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

বিশ্বকাপের মূল পর্বে এটি হবে কলম্বিয়ার সপ্তম অংশগ্রহণ। গ্রুপ ‘কে’-তে ১৭ জুন অভিষেক হওয়া উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দক্ষিণ আমেরিকার দলটি। এরপর তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো ও পর্তুগাল।

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, দাভিদ ওসপিনা।

ডিফেন্ডার:
দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলের দিত্তা, ড্যানিয়েল মুনিওস, সান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মোহিকা, দেইভের মাচাদো।

মিডফিল্ডার:
রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, হামেস রদ্রিগেস, হামিন্তন কাম্পাস।

ফরোয়ার্ড:
হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ, জন কর্দোবা।