বিশ্বকাপের আগে আবদুলহামিদের পাসপোর্ট চুরি
বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই অদ্ভুত এক সমস্যায় পড়েছেন সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আবদুলহামিদ। নেদারল্যান্ডসের আমস্টারডামে তার ব্যক্তিগত গাড়িতে চুরির ঘটনায় পাসপোর্ট হারিয়ে যাওয়ায় জাতীয় দলের ক্যাম্পে সময়মতো যোগ দিতে পারছেন না তিনি।
সোমবার এক বিবৃতিতে সৌদি আরব ফুটবল ফেডারেশন জানায়, '২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের ক্যাম্পে সৌদ আবদুলহামিদের দেরিতে যোগ দেওয়ার বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে চাই।'
বিবৃতিতে বলা হয়, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে পরিবারের সঙ্গে আমস্টারডামে অবস্থান করছিলেন এই ফুটবলার। সেখানে তার ব্যক্তিগত গাড়িতে চুরি হয়। এতে পাসপোর্টসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে যায়।
ফেডারেশন আরও জানিয়েছে, বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে। সৌদি ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসের সহায়তায় নতুন ভ্রমণ নথি প্রস্তুতের কাজও চলছে, যাতে দ্রুত জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন আবদুলহামিদ।
বর্তমানে আরসি লেন্সে খেলছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। ইতালির এএস রোমা থেকে ধারে ফরাসি ক্লাবটিতে গেছেন তিনি। নতুন কোচ জর্জিওস দোনিসের ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন আবদুলহামিদ।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে সৌদি আরব দল। নিউইয়র্ক ও টেক্সাসে অনুশীলন ক্যাম্প করবে তারা। সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে দলটি।
বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের সঙ্গে খেলবে সৌদি আরব।