বিশ্বকাপে খেলবেন ডেভিস, নিশ্চিত করলেন কানাডা কোচ

স্পোর্টস ডেস্ক

চোটের কারণে সময়ের সঙ্গে লড়াই চলছে আলফান্সো ডেভিসের। তবে কানাডার কোচ জেসি মার্শ আশাবাদী, বিশ্বকাপে খেলতে পারবেন কানাডার এই তারকা ডিফেন্ডার। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে এখনও রয়েছে শঙ্কা।

এই মাসের শুরুতে পেশির চোটে পড়েন ডেভিস। এরপর থেকেই বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে কানাডা কোচ জেসি মার্শ জানিয়েছেন, বিশ্বকাপে ডেভিসকে পাওয়া যাবে বলেই তিনি বিশ্বাস করেন।

মার্শ বলেন, 'হ্যাঁ, আমার বিশ্বাস আলফন্সো বিশ্বকাপে খেলবে। তবে ১২ জুনের ম্যাচের জন্য সে পুরোপুরি প্রস্তুত থাকবে বলে মনে করি না। তারপরও দেখা যাক।'

বিশ্বকাপে কানাডার প্রথম ম্যাচ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

মার্শ আরও জানান, পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে এই মাসের শেষ পর্যন্ত জার্মানিতেই থাকবেন ডেভিস। সেখানে তার ক্লাব বায়ার্নে মিউনিখের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

কানাডা কোচের ভাষায়, 'বায়ার্ন এমন কিছু চিকিৎসা ও পুনর্বাসন পদ্ধতি ব্যবহার করছে, যেগুলো জার্মানিতে সম্ভব হলেও উত্তর আমেরিকায় করা যায় না। এ কারণেই তাকে সেখানে রাখা হয়েছে। আমরা মনে করি, উন্নত চিকিৎসা পদ্ধতিগুলো তার জন্য ইতিবাচক হয়েছে।'

তিনি আরও বলেন, 'বায়ার্নও খুব সহযোগিতা করছে। তারা চায় ডেভিস বিশ্বকাপে খেলুক। ক্লাব ও দেশের হয়ে খেলোয়াড়দের সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, তারা সেটা বোঝে।'

মার্শ জানিয়েছেন, ৩১ মে এডমন্টনে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ডেভিস। এর আগে ২৮ মে পর্যন্ত জার্মানিতেই তার প্রাথমিক পুনর্বাসন চলবে। এরপর কয়েকদিন বিশ্রাম নিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

কানাডা কোচ বলেন, 'আমরা চাই তাকে এমন অবস্থায় নিয়ে যেতে, যাতে সে শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে দলের অংশ হতে পারে।'