ছবিতে দেখুন অ্যাজতেকায় বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের আগে দর্শকদের মাতিয়ে তোলেন কলম্বিয়ান তারকা শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয়। এবারের টুর্নামেন্টের তিনটি স্বাগতিক দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান হবে, যার মধ্যে এটি ছিল প্রথম।
ঐতিহাসিক স্টেডিয়ামটিতে এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, যা এই বছরের টুর্নামেন্টের জন্য নতুন করে সংস্কার করা হয়েছে। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতে আতশবাজির আলো আর নাচের তালে মুখরিত ছিল চারপাশ। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শাকিরা ও বার্নার পরিবেশনা, যেখানে তারা বিশ্বকাপের অফিসিয়াল গান 'দাই দাই' গেয়ে দর্শকদের উল্লাসে ভাসিয়ে দেন। তাদের আগে কলম্বিয়ান গায়ক জে বালভিন ও ইতালিয়ান টেনর আন্দ্রেয়া বোচেলি চমৎকার পারফরম্যান্সে অ্যাজতেকা স্টেডিয়ামের আবহ জমিয়ে তোলেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে। পুরো টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ খেলা হবে। আগামী ২০ জুলাই নিউ জার্সিতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবল বিশ্বের এই মহাযজ্ঞের।
অ্যাজতেকা স্টেডিয়ামের ভেতরে যখন উৎসবমুখর পরিবেশ ছিল, তখন মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে তৈরি হয়েছিল এক বিশৃঙ্খল পরিস্থিতি। বাংলাদেশ সময় অনুসারে রাত একটায় খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে হাজার হাজার ফুটবল ভক্ত অফিসিয়াল 'ওয়ার্ল্ড কাপ ফ্যান জোন'-এ ঢোকার চেষ্টা করেন। তখন সেখানে ব্যাপক ধাক্কাধাক্কি ও গণ্ডগোলের সৃষ্টি হয়।
মেক্সিকোতে বিক্ষোভকারী শিক্ষকরা যেন ফ্যান জোনে পৌঁছাতে না পারেন, সেজন্য গত কয়েকদিনে জোকালা প্লাজায় লোহার ব্যারিকেড দেওয়া হয়েছিল। সেকারণেই মূলত ফ্যান জোনে সাধারণ মানুষের প্রবেশ ভীষণভাবে ব্যাহত হয়। এছাড়া, কিছু সমর্থক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দিকে পানির বোতল ছুড়ে মারেন এবং তাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন।