মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল
বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে যে নেইমার থাকছেন না, তা অনেকটা অনুমিতই ছিল। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ডান পায়ের পেশির চোট এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। ফলে মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে তাকে সাইডলাইনে বসেই কাটাতে হবে।
গত মে মাসের মাঝামাঝিতে সান্তোসের হয়ে খেলার সময় এই চোটের শিকার হন নেইমার। তবে চোট থাকা সত্ত্বেও স্কোয়াডে তাকে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেননি সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নেইমার শুরুর দিকটায় না থাকলেও পরে ফিট হয়ে ফিরবেন বলেই আশাবাদী ছিলেন তিনি।
মরক্কোর বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে নেইমারের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি, তাতে স্পষ্ট হয়ে যায় নেইমারের না থাকা, ‘নেইমার দ্রুত মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। তার ফুটবলীয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই, সেটা অনস্বীকার্য। তবে শুধু খেলার জন্য নয়, স্কোয়াডের তরুণ ফুটবলারদের নিজের অভিজ্ঞতা দিয়ে উজ্জীবিত করতে এবং মাঠের বাইরে তাদের জন্য দারুণ এক উদাহরণ হতে সে আমাদের সঙ্গে রয়েছে।’
প্রথম ম্যাচে খেলতে না পারলেও নেইমারের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন কোচ আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমার অত্যন্ত নিবিড়ভাবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। আগামী সপ্তাহেই দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
কোচ ও মেডিকেল টিমের প্রত্যাশা, অনুশীলনে ফেরার পর গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের বাকি দুটি ম্যাচে (১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে) দেখা যেতে পারে এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে।
ফিফা র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিল এবং অষ্টম স্থানে থাকা মরক্কোর মধ্যকার এই ম্যাচটি গ্রুপ পর্বের অন্যতম সেরা লড়াই হতে যাচ্ছে। বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড দারুণ—৮টি ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে তারা। তবে মরক্কোর ডিফেন্স ভাঙার এই কঠিন অভিযানে এবার নেইমারকে ছাড়াই ছক কষতে হবে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহাদের।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় প্রথম ম্যাচে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।