ইংল্যান্ডের চুরি হওয়া অনুশীলন সরঞ্জাম উদ্ধার, দুজন গ্রেপ্তার
কানসাস সিটিতে পৌঁছানোর আগে ইংল্যান্ড দলের চুরি হওয়া অনুশীলন সরঞ্জামের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে অবস্থিত ইংলিশদের বেস ক্যাম্পে সরঞ্জাম স্থানান্তরের সময় গাড়িগুলো ভেঙে যেসব জিনিসপত্র চুরি হয়েছিল, সেগুলো ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে যোগাযোগ রাখা পুলিশ কর্মকর্তারা স্থানীয় সময় শুক্রবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কাজ করেন। জানা গেছে, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চুরি হওয়া সরঞ্জাম উদ্ধারের আগে কানসাস পুলিশের একজন মুখপাত্র বলেছিলেন, 'আজ (শুক্রবার) সন্ধ্যায় কানসাস সিটিতে পৌঁছানো একটি দলের গাড়ি থেকে জিনিসপত্র নিখোঁজ হওয়ার পর চুরির সম্ভাব্য একটি ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত চলমান রয়েছে।'
আগামী বুধবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর প্রস্তুতি যখন টমাস টুখেলের দল নিচ্ছিল, তখনই এই চুরির ঘটনা ঘটে।
ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ফিল জাগিয়েলকা বিবিসিকে বলেন, 'মৌসুম জুড়েই আমাদের কাছে প্রচুর বুট থাকে, তবে টুর্নামেন্টের জন্য অনেকেই তাদের বুটগুলো নিজেদের পছন্দমতো বানিয়ে নেন।'
'অনেকের বুটেই নিজস্ব বিশেষ ইনসোল থাকতে পারে। এরপর আপনি চাইলে বুটে দেশের পতাকা, নিজের নামের আদ্যক্ষর, সন্তানদের (নাম) বা ডাকনাম বেছে নিতে পারেন... আর এগুলোর সবই কয়েক মাস আগে থেকে করা হয়ে থাকে।'
আগামীকাল রোববার প্রথমবারের মতো পুরো দিনের অনুশীলনে নামবেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। 'এল' গ্রুপে তাদের সঙ্গে ক্রোয়েশিয়ার পাশাপাশি আছে ঘানা ও পানামা।