গোলের পর কেন কেঁদেছিলেন মেসি? জানালেন নিজেই
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের শুরুটা ছিল স্বপ্নের মতো। মাঠজুড়ে রাজত্ব করেছেন লিওনেল মেসি, করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, আর বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও ভাগ বসিয়েছেন। কিন্তু ম্যাচ শেষে আলোচনার বড় একটি অংশজুড়ে ছিল অন্য একটি দৃশ্য। প্রথম গোল করার পর মেসির চোখের জল।
গোল উদযাপনের সময় আর্জেন্টাইন অধিনায়ককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। অনেকেই ভেবেছিলেন, হয়তো বিশ্বকাপের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত তাকে আবেগতাড়িত করেছে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি জানালেন, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়।
সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটি খেলাধুলার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় ছিল না। আমি কিছু কঠিন এবং জটিল সময়ের মধ্য দিয়ে গিয়েছি।'
তবে সেই ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ৩৮ বছর বয়সী এই মহাতারকা। বরং কঠিন সময়ে পাশে থাকার জন্য সতীর্থ এবং পুরো আর্জেন্টিনা দলের স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেসি বলেন, 'আমি পুরো দলের প্রতিনিধি দল এবং আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা অনেক চেষ্টা করেছে যেন আমি ভালো থাকি।'
ব্যক্তিগত আবেগের সেই মুহূর্তের পর মাঠে অবশ্য ছিলেন পুরোপুরি অন্য এক মেসি। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তুলেছেন তিনি।
ম্যাচে নামার আগে বিশ্বকাপে তার গোল ছিল ১৩টি। হ্যাটট্রিকের সুবাদে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৬। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই কীর্তির মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন গার্ড মুলার, রোনালদো নাজারিও এবং কিলিয়ান এমবাপের মতো কিংবদন্তি ও বর্তমান তারকাদের। তবে ব্যক্তিগত অর্জন নিয়ে উচ্ছ্বাস দেখানোর মানুষ কখনোই ছিলেন না মেসি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করার পরও তার প্রতিক্রিয়া ছিল বিনয়ী।
মেসি বলেন, 'ওই জায়গায় থাকতে পারাটা অবশ্যই সম্মানের। কারণ এর গুরুত্ব অনেক। ক্লোসে এবং যারা সেখানে আছেন, তাদের পাশে থাকা বিশেষ কিছু। তবে শেষ পর্যন্ত এগুলো শুধু পরিসংখ্যান, এর বেশি কিছু নয়।'
এরপর ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর প্রসঙ্গ টেনে মেসি বলেন, 'আমি যতটুকু দেখেছি, রোনালদো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু তিনি তো তালিকার এক নম্বরে নেই। তাই এসব পরিসংখ্যান সবকিছু নয়।'
সংবাদ সম্মেলনের শেষদিকে আরেক কিংবদন্তির কথা উল্লেখ করেন মেসি। তিনি জানান, সম্প্রতি টেনিস তারকা রাফায়েল নাদালের ওপর নির্মিত একটি সিরিজ দেখছেন এবং সেখানে নিজের সঙ্গে অনেক মিল খুঁজে পান।
মেসির ভাষায়, 'আমি রাফায়েল নাদালের সিরিজ দেখছি এবং এর সঙ্গে নিজেকে অনেকটাই মিলিয়ে নিতে পারি। আমার মনে হয় এই জায়গায় আমরা অনেকটা একই রকম। আমরা সবসময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।'