আইভরি কোস্টের গতিময় ফুটবল নিয়ে সতর্ক জার্মানি

স্পোর্টস ডেস্ক

নিজেদের প্রথম ম্যাচে এবারের আসরের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টি পেয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষে আইভরি কোস্টকে যোগ্য সম্মান দিচ্ছে ইউরোপীয় পরাশক্তিরা। আফ্রিকান দলটির দুরন্ত গতি তাদের মাথাব্যথার কারণ হতে পারে বলে মনে করছেন জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান। 

‘গ্রুপ’ ই এর এই আকর্ষণীয় ম্যাচে আজ রাত দুইটায় আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে নাগেলসম্যান জানিয়েছেন, আইভরি কোস্ট তাদের চ্যালেঞ্জ জানাতে পারে এটা ধরে নিয়েই নিজেদের প্রস্তুত করছে তারা। 

টরন্টোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘তাদের রক্ষণভাগ শক্তিশালী। আক্রমণভাগে যে তিনজন খেলে, প্রত্যেকেই দারুণ গতিশীল। আগের ম্যাচে ওদের এক ফরোয়ার্ডকে (নিকোলাস পেপে) তো ধরতেই পারেনি কোনো ডিফেন্ডার। পুরো মাঠে সে দাপিয়ে খেলেছে’। 

২০২৩ সালের আফ্রিকান নেশনস কাপজয়ী আইভরি কোস্টের ফুটবলারদের শারীরিক শক্তিমত্তাও চ্যালেঞ্জ হতে পারে জার্মানির জন্য। সম্ভাব্য সবকিছু মাথায় রেখেই তাই নিজেদের প্রস্তুত করছেন জার্মান কোচ, ‘তাদের শারীরিক ফুটবলের উত্তর কীভাবে দেয়া যায় সে বিষয়ে আমরা নিজেদের মতো প্রস্তুত হচ্ছি। হয়তো সবসময় আমরা সফলতা পাব না, কারণ তারা দারুণ একটি দল। তবে আমরা আমাদের নিজেদের খেলাটাই খেলব’। 

নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলে জিতলেও লেরয় সানের নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা হয়েছে। নাগেলসম্যান সংবাদ সম্মেলনে তার পূর্ণ সমর্থন জানিয়েছেন তুর্কি ক্লাব গ্যালাতাসারেতে খেলা এই উইঙ্গারের প্রতি, ‘আমার খেলোয়াড়দের নিয়ে এরকম নেতিবাচক লেখালেখি আমার একদমই পছন্দ নয়। সাংবাদিকেরা যেন তাকে নিয়ে ভালো কিছু লেখে, সে ব্যবস্থা নিশ্চয়ই সানে নিজেই করবে। আমার মনে হয় না এসব সমালোচনায় তার আত্মবিশ্বাসে কোনো প্রভাব পড়বে। তার জন্য স্রেফ একটা ভালো ম্যাচই যথেষ্ট। আমরা আশা করছি পরবর্তী ম্যাচটিই হবে সেই ভালো ম্যাচ’। 

এদিকে আইভরি কোস্টের কোচ এমারসে ফায় জানিয়েছেন, তিন পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবছে না তার দল, ‘আমরা জার্মানির খেলা দেখার জন্য এত দূর আসছি না। আমরা জয়ের জন্য আসছি। এই ম্যাচ জিতে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে চাই আমরা’। শুধু তাই নয়, জার্মানির বিপক্ষে জিতে গ্রুপের শীর্ষস্থানটিও নিশ্চিত করতে চাইছে দলটি। 

বড় ম্যাচের আগে কে ফেভারিট আর কে আন্ডারডগ সেই চিন্তায় না গিয়ে নিজেদের খেলাতেই মনোযোগ রাখতে চাইছেন আফ্রিকান দলটির কোচ, ‘কে ফেভারিট সেটি নিয়ে আমরা চিন্তিত না। ইকুয়েডরের বিপক্ষেও আমরা ফেভারিট ছিলাম না। ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে চাই। জার্মানি শক্তিশালী দল, তবে বাকি ম্যাচের জন্য আমরা যেভাবে প্রস্তুতি নেই, এই ম্যাচের জন্যও তাই করছি’। 

জার্মানির মতো নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আইভরি কোস্টও। আমাদ দিয়ালোর একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়েছিল আফ্রিকান দলটি। ফিফার নতুন নিয়ম অনুযায়ী মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় এই ম্যাচে জয়ী দল ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে গ্রুপ রাউন্ড শেষ করবে।