মেসির সঙ্গে ইয়ামালের তুলনা: স্পেন কোচ বললেন, ‘এটা ভুল হবে’
আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির সঙ্গে প্রায়শই তুলনা হয় তরুণ প্রতিভাবান উইঙ্গার লামিন ইয়ামালের। তবে এসব আলোচনা কোনো উপকারে আসে না বলে মনে করেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
লা রোহাদের বিশ্বকাপ শুরুর ম্যাচে কেবল বদলি হিসেবে নামার মতো ফিটনেসই ছিল ইয়ামালের। তুলনামূলক দুর্বল কেপ ভার্দের বিপক্ষে সেই ম্যাচে অনেক সুযোগ পেয়েও গোলশূন্য ড্র করে তারা। গোলপোস্টের নিচে বীরত্ব দেখানো ভোজিনিয়ার বাধার দেয়াল টপকাতে পারেনি এবারের আসরের অন্যতম ফেভারিট দলটি।
২০১০ সালের চ্যাম্পিয়নদের জন্য হতাশাজনক ওই ম্যাচের ৭১তম মিনিটে মাঠে নেমেছিলেন ইয়ামাল। তা সত্ত্বেও সেদিন তিনি দুই দলের যেকোনো খেলোয়াড়ের চেয়ে সবচেয়ে বেশি পাঁচবার ড্রিবলিংয়ের চেষ্টা করেন।
রোববার রাতে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে স্পেন। 'এইচ' গ্রুপের এই ম্যাচটি দিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পাওয়ার আশা করছে তারা, যেখানে ইয়ামাল আরও বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ইয়ামাল ইতোমধ্যে স্পেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক এবং সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১ গোল করিয়েছেন। আর বার্সেলোনার জার্সিতে সব মিলিয়ে ১৫১ ম্যাচ খেলেছেন ১৮ বছর বয়সী এই তারকা। নিজে ৪৯ বার জালের দেখা পাওয়ার সঙ্গে সহায়তা করেছেন আরও ৪৫ গোলে।
স্বভাবতই বার্সেলোনার কিংবদন্তি মেসির সঙ্গে ইয়ামালের তুলনা টানা হচ্ছে। তবে দে লা ফুয়েন্তের মতে, এ ধরনের কোনো বিতর্কের প্রয়োজন নেই। সৌদি আরবকে মোকাবিলার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাকে কারও সঙ্গে তুলনা করাটা ভুল হবে। তার বয়স ১৮, সে এখন বেড়ে ওঠা ও পরিণত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে... আমাদের তাকে তার নিজের পথেই এগোতে দিতে হবে।’
তিনি যোগ করেন, ‘এ ধরনের খেলোয়াড়, যাদের মধ্যে ভিন্ন কিছু আছে, তারা সব সময় প্রস্তুত থাকে। তারা সালভাদর দালি বা মিকেলাঞ্জেলোর মতো জিনিয়াস। আমাদের কাছে যা অসাধারণ মনে হয়, তাদের কাছে তেমনটা নয়।’
সৌদির বিপক্ষে ইয়ামাল শুরুর একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে স্পেনের কোচ বলেন, ‘আমরা বিষয়টি মূল্যায়ন করে দেখব। সবচেয়ে ভালো খবর হলো, সে আমাদের সাথে আছে। সে ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সে ৫৫, ৫৮ নাকি ৬৩ মিনিট খেলবে— তা নির্ভর করবে ম্যাচের ওপর। দলে তার অবদান এবং তার জন্য কোনটা ভালো হবে, তা আমরা চিন্তাভাবনা করব।’