ফিফা বিশ্বকাপ ২০২৬

ইনজুরিতে বিশ্বকাপ শেষ জার্মান তারকার

স্পোর্টস ডেস্ক

গোড়ালির ইনজুরির কারণে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন জার্মানির সেন্টারব্যাক নিকো শ্লটারব্যাক। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ইনজুরিতে পড়েন এই ডিফেন্ডার। 

ম্যাচের প্রথমার্ধের শুরুর দিকে চোট পান শ্লটারব্যাক। মাঠেই চিকিৎসা নিয়ে বিরতি পর্যন্ত খেলা চালিয়ে যান তিনি। বিরতির পর তার বদলি হিসেবে নামেন আন্তোনিও রুডিগার। 

জার্মান জাতীয় দল এক বিবৃতিতে জানিয়েছে, বাঁ গোড়ালির লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের। তার সেরে উঠতে কয়েক মাস সময় লাগতে পারে। তবে এখনই দেশে পাঠানো হচ্ছে না শ্লটারব্যাককে। জাতীয় দলের সাথে আপাতত বিশ্বকাপ ক্যাম্পেই থাকছেন তিনি। 

জার্মানি দলের অন্যতম প্রধান ও ফর্মে থাকা ডিফেন্ডার ছিলেন শ্লটারব্যাক। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের আগে এমন খেলোয়াড়কে হারিয়ে হতাশ জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান, ‘সে একজন অসাধারণ ডিফেন্ডার। তাকে আমরা মিস করব। বিশেষ করে ডিফেন্স থেকে আক্রমণ গড়তে সে যে ভূমিকা রাখে তার অভাব আমরা বোধ করব’। 

এবারের আসরের অন্যতম সেরা তারকা হতে পারতেন শ্লটারব্যাক, এমনটাই মনে করেন নাগেলসম্যান, ‘এটা তার বিশ্বকাপ হতে পারত। আমরা সবাই তার মনোবল চাঙ্গা রাখতে চেষ্টা করছি। সৌভাগ্যবশত সে খুব ইতিবাচক মানসিকতার খেলোয়াড়। আমাদের জন্য এটা ভালো খবর যে সে দলের সাথেই থাকছে। কারণ মাঠের বাইরেও সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ’।

জার্মানির ডিফেন্স লাইনের বড় ভরসা বলে মানা হচ্ছিল শ্লটারব্যাককে। আক্রমণাত্মক ট্যাকলিং, দারুণ পজিশনিং সেন্সের পাশাপাশি শ্লটারব্যাকের সবচেয়ে বড় দক্ষতা ছিল ডিফেন্স থেকে দলের বিল্ড-আপ প্লে তে ভূমিকা রাখা। নিখুঁত সব লং বলের পাশাপাশি সেট পিস থেকে মাথা ছুঁইয়ে গোলেও দারুণ পারদর্শী এই ডিফেন্ডার।  

কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জার্মানির দ্বিতীয় গোলটি করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডে খেলা শ্লটারব্যাক। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ায় চোটগ্রস্ত শ্লটারব্যাকের জায়গায় নতুন কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই জার্মানির।