সমালোচকদের চুপ করাতে ‘নিখুঁত’ পারফরম্যান্সের খোঁজে জার্মানি কোচ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠলেও অপ্রত্যাশিতভাবে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছে জার্মানি। পূর্ণ শক্তির দল নিয়েও জিততে না পারায় জার্মান দলের পারফরম্যান্সের ভালোই কাঁটাছেঁড়া হয়েছে। সেগুলো নজর এড়ায়নি জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসম্যানেরও। সমালোচকদের মুখ বন্ধ করতে তাই প্যারাগুয়ের বিপক্ষে খেলোয়াড়দের থেকে নিখুঁত পারফরম্যান্স চাইছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নাগেলসম্যান বলেছেন, ‘জার্মান জাতীয় দল মানেই আপনাকে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। এই ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছি না আমরা’।
প্যারাগুয়ের বিপক্ষে জিতলেও শেষ ষোলোতে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সের মুখোমুখি হওয়ার বড় সম্ভাবনা রয়েছে জার্মানির। তবে আগেই অতদূর না ভেবে প্যারাগুয়ের বিপক্ষে জিতে সমালোচনার জবাব দিতে চান নাগেলসম্যান, ‘ফুটবল জয়ই শেষ কথা। ম্যাচ জিতলে সবকিছুই সঠিক, আর হেরে গেলে সবই ভুল। আমাদের তাই এই ম্যাচ আগে জিততে হবে’।
মাঠে খেলোয়াড়দের নির্ভার রাখতে মাঠে নামার আগেই ভালো পরিকল্পনার বিকল্প দেখছেন না তরুণ এই কোচ, ‘প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ভালো একটি পরিকল্পনা থাকতে হবে। খেলোয়াড়েরা যেন মাঠে নির্ভার হয়ে খেলতে পারে, তার জন্য ওদেরকে ভালোভাবে পরিকল্পনাগুলো বুঝিয়ে দিতে হবে। ওদেরকে বোঝাতে হবে, ওরা ঠিক কতটা ভালো ফুটবলার’।
প্যারাগুয়ের বিপক্ষে খেলোয়াড়েরা নিজেদের সেরাটা বের করে আনবেন বলে বিশ্বাস নাগেলসম্যানের, ‘আমাদের একটা নিখুঁত পারফরম্যান্স করতে হবে। ছেলেদের অনুশীলন দেখে আমি খুশি। ওরা নিজেদের সেরাটাই খেলবে’।