অনাগত সন্তান হারিয়ে শোকে স্তব্ধ গাকপোর পাশে পুরো নেদারল্যান্ডস দল
ফুটবল মাঠে গোল, জয় কিংবা ট্রফিই যেন সবকিছু নয়। কখনও কখনও জীবনের এমন কিছু মুহূর্ত এসে দাঁড়ায়, যার সামনে বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চও ম্লান হয়ে যায়। নেদারল্যান্ডস তারকা কোডি গাকপোর জীবনেও নেমে এসেছে তেমনই এক গভীর শোক। পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে গেছে তার অনাগত সন্তান। এই কঠিন সময়ে গাকপো ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে পুরো নেদারল্যান্ডস দল।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে গাকপোর সঙ্গী নোয়া ফান ডার বেইক অনাগত সন্তানকে হারানোর মর্মস্পর্শী খবরটি জানান। বিশ্বকাপ খেলতে নেদারল্যান্ডস দল বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থান করছে। এই কঠিন সময়ে গাকপোকে পরিবারের সঙ্গে থাকার সুযোগ দিয়েছে দলীয় ব্যবস্থাপনা। তার পরিবারের সদস্যরাও দলীয় ক্যাম্পের কাছাকাছি অবস্থান করছেন, যাতে শোকের এই মুহূর্তে তারা একে অপরের পাশে থাকতে পারেন।
নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন, গাকপোকে মানসিকভাবে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করেছে পুরো দল। খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই এই কঠিন সময়ে তার পাশে থেকেছে।
কোমান বলেন, 'আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফ হিসেবে যতটা সম্ভব সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই প্রথম কয়েক দিন তাকে পরিবারের কাছে যাওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। সে বিষয়টি অসাধারণভাবে সামলেছে। এমন একবারও হয়নি যে সে বলেছে, "আমি ফিরে যেতে চাই, আমি পরিবারের সঙ্গেই থাকতে চাই।"'
গাকপো ও তার পরিবারের মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইকও 'এমন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, "তোমার কী প্রয়োজন?" এটি ভয়াবহ এক দুঃসংবাদ এবং এটি প্রমাণ করে ফুটবল জীবনের গৌণ বিষয় মাত্র। জীবনে এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু কোডি যেভাবে এটি সামলাচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।'
তিনি আরও বলেন, 'সে খুবই পরিণত একজন মানুষ। এই কঠিন পরিস্থিতিতে সে এবং তার পরিবার যেভাবে নিজেদের সামলে নিচ্ছে, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, আমি তাদের দৃঢ়তাকে সম্মান করি।'
এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি গাকপো। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মরক্কোর বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে।