ফ্রান্স নয়, স্পেনের ভাবনায় শুধুই বেলজিয়াম
কোয়ার্টার-ফাইনাল পেরোলেই মুখোমুখি হতে হবে ফ্রান্সের। তবে সেই বিষয় নিয়ে এখনই ভাবতে নারাজ স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার সব মনোযোগই এখন বেলজিয়াম ম্যাচ ঘিরে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সেমিফাইনালের হিসাব কষার সময় এখনও আসেনি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, 'আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা বেলজিয়াম ছাড়া অন্য কিছু ভাবছি না। আগে বেলজিয়ামকে হারাতে হবে। পেশাদার হিসেবে আমাদের কাছে এই মুহূর্তে ফ্রান্স বলে কিছু নেই।'
স্পেন কোচের মতে, এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষাই হতে যাচ্ছে বেলজিয়ামের বিপক্ষে, 'বেলজিয়াম খুবই শক্তিশালী দল। তাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা শিরোপা জেতা ও বড় ম্যাচ খেলার অভিজ্ঞতায় অভ্যস্ত। আমরা বিশ্বের সেরা আট দলের একটি, কিন্তু তারাও অসাধারণ প্রতিপক্ষ।'
তিনি আরও বলেন, নিয়মিত একাদশে সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই মূল একাদশের ফুটবলারদের আরও ভালো খেলতে বাধ্য করেন। একাদশে পরিবর্তনের সম্ভাবনা নিয়েও কথা বলেন দে লা ফুয়েন্তে। তবে তিনি পরিষ্কার করে দেন, পরিবর্তন মানেই কাউকে শাস্তি দেওয়া নয়।
'কোনো খেলোয়াড় একদিন ভালো খেলেছে বা খারাপ খেলেছে বলে একাদশ ঠিক করা হয় না। প্রতিপক্ষের ধরন বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। যদি পরিবর্তন হয়, সেটা কখনোই কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়; বরং আমরা মনে করি অন্য কেউ ওই ম্যাচের জন্য বেশি উপযুক্ত,' বলেন দে লা ফুয়েন্তে।
স্পেন শিবিরে আপাতত কোনো ইনজুরি সমস্যা নেই। তবে নিকো উইলিয়ামস ও ভিক্তর মুনিওসকে শুরু থেকেই খেলানো হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি কোচ, 'সবাই সুস্থ আছে। তবে নিকো সাম্প্রতিক সময়ে কিছু সমস্যার মধ্যে ছিল, আর ভিক্তর অনেক দিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। তারা শুরু করবে নাকি পরে নামবে, সেটা আমরা ঠিক করব।'
নিজেদের ফেভারিট মানতেও দ্বিধা নেই দে লা ফুয়েন্তের। তবে সেই তকমা যে জয়ের নিশ্চয়তা নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি, 'আমি বলতে ভয় পাই না যে আমরা ফেভারিট। কিন্তু ফেভারিট হলেই জয় নিশ্চিত হয় না। অনেক সময় প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেও হেরে যেতে হয়। তাই আমরা শুধু নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো নিয়েই ভাবছি।'
পর্তুগালকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে বলে স্বীকার করলেও তিনি মনে করেন, বেলজিয়ামের বিপক্ষে সম্পূর্ণ ভিন্ন ধরনের লড়াই অপেক্ষা করছে। সম্ভাব্য টাইব্রেকারের প্রস্তুতিও নিয়ে রেখেছে স্পেন। দে লা ফুয়েন্তে বলেন, 'আমরা মাঠে ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। পেনাল্টিও তার মধ্যে রয়েছে। এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞরাও কাজ করছেন।'
শেষে ১৯৮৬ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে স্পেনের টাইব্রেকার হারের স্মৃতিও টেনে আনেন তিনি, 'সেটি ছিল খুবই কষ্টের একটি দিন। এলয় ওলায়া সাহস করে পেনাল্টি নিয়েছিলেন। আমি সব সময়ই জাতীয় দলের বড় সমর্থক ছিলাম, তাই সেই ম্যাচ আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল।'