তবুও মানেকে মিস করবেন ভ্যান ডাইক

স্পোর্টস ডেস্ক

ছিটকে গেছেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড সাদিও মানে। আপাতদৃষ্টিতে সেনেগালের এমন ধাক্কা একই গ্রুপের প্রতিপক্ষ ডাচদের জন্য স্বস্তির খবর। কিন্তু এতে খুশি নন নেদারল্যান্ডসের তারকা ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। বিশ্বমঞ্চে মিস করবেন সাবেক লিভারপুল সতীর্থকে। বিশ্বকাপের মতো আসরে সেরা খেলোয়াড়দের খেলা দরকার বলে মনে করেন তিনি। 

ইনজুরির কারণে এনগোলো কান্তে, পল পগবা, লো সেলসোদের মতো অনেক তারকাদের বিশ্বকাপে খেলতে দেখার সুযোগ আগেই হারিয়েছেন ফুটবলপ্রেমীরা। সেনেগালের সবচেয়ে বড় তারকা মানেও বরণ করলেন একই পরিণতি। ফলে অনেকটাই ধার হারিয়েছে তেরাঙ্গার সিংহদের আক্রমণভাগ।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে ৩১ বছর বয়সী এই নেদারল্যান্ডস তারকা বলেন, 'আমি খুবই দুঃখিত যে সাদিও আমাদের বিপক্ষে খেলতে পারবে না। তবে বিশ্বকাপ অবশ্যই সেরা খেলোয়াড়দের পাওয়ার যোগ্য, সাদিও তাদেরই একজন। সাদিও বিশ্বমানের, সে আমার বন্ধু ও আমি তাকে মিস করব।'

আগামী ২১ নভেম্বর দোহার আল থুমামা স্টেডিয়াম সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ডাচরা। নিজেদের দল নিয়ে ভ্যান ডাইক বলেন, 'আমাদের একটা ভালো দল আছে, অভিজ্ঞ ট্রেইনার আছে, কিন্তু সবকিছুর উপরে আমাদের দলীয় মনোবল আছে।'

বিশ্বকাপের ফেভারিট কারা এই নিয়েও নিজের মত জানিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক। গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, 'আমার মতে আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্স ফেভারিট দেশ। ব্রাজিলিয়ানরা সবসময়ই সেখানে ছিল। আর্জেন্টাইনরা শক্তিশালী ও ফ্রেঞ্চরা দারুণ (দল) নির্বাচন করেছে।'