নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শক উপস্থিতির রেকর্ড

স্পোর্টস ডেস্ক

গুয়াহাটিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫। এই ম্যাচে ভাঙল নারী বিশ্বকাপের উদ্বোধনী দিনের দর্শক উপস্থিতির রেকর্ড।

এসিএ স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করেন ২২ হাজার ৮৪৩ দর্শক, যা নারী বিশ্বকাপের যেকোনো গ্রুপ পর্বের ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০২৪ সালে ভারত-পাকিস্তানের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ এ ম্যাচে, যেখানে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৯৩৫ দর্শক।

চলমান এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ইতিমধ্যে সর্বোচ্চ পুরস্কার অর্থের দিক থেকেও নতুন মাইলফলক তৈরি করেছে।

আইসিসি হল অব ফেমার শচীন টেন্ডুলকার নারী ক্রিকেটের সাম্প্রতিক অগ্রযাত্রাকে প্রশংসা করেছেন,  'আমাকে স্বীকার করতেই হবে, গত কয়েক বছরে অসাধারণ অগ্রগতি হয়েছে। নারী প্রিমিয়ার লিগ নিঃসন্দেহে গেম-চেঞ্জার হিসেবে কাজ করেছে।'

'এটি এমন একটি প্ল্যাটফর্ম, দৃশ্যমানতা এবং আর্থিক নিরাপত্তা এনে দিয়েছে, যা প্রজন্মের পর প্রজন্মের নারী ক্রিকেটাররা শুধু কল্পনাই করতে পারতেন।'

এই উন্নতির পেছনে আইসিসি চেয়ারম্যান জয় শাহর প্রশংসা করেন শচীন, 'অনেক কৃতিত্ব প্রাপ্য জয় শাহর। বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নারী-পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি নিশ্চিত করেছেন এবং ডব্লিউপিএলের ভিত্তি স্থাপন করেছেন। কাগজে কলমে এগুলো প্রশাসনিক সিদ্ধান্ত মনে হলেও বাস্তবে এগুলো জীবন বদলে দেয়।'

'এগুলো প্রতিটি তরুণীকে বলে দেয় যে, তার ক্রিকেটের প্রতি আবেগ সমানভাবে মূল্যবান। আমি আইসিসিকেও ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টে রেকর্ড পুরস্কার অর্থ ঘোষণা করার জন্য, যা ২০২৩ পুরুষ বিশ্বকাপের পুরস্কার অর্থকেও ছাড়িয়ে গেছে।'

তিনি আরও যোগ করেন, 'প্রতীকীভাবে এবং বাস্তবিক অর্থেই এটি একটি শক্তিশালী বার্তা দেয়—নারী ক্রিকেট কেবল করতালি পাওয়ার জন্য নয়, বরং সমান সম্মান পাওয়ার যোগ্য।'

চলমান নারী ক্রিকেট বিশ্বকাপটি টুর্নামেন্টের ১৪তম আসর। বিশ্বসেরা আটটি দল এই আসরে অংশ নিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ গৌরবের জন্য।