কোন কোম্পানি কত বেতন দেয়, ধারণা পাবেন এই ওয়েবসাইটে

মাইশা ইসলাম মোনামী

বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মীদেরকে কত টাকা বেতন দেয় সে সংক্রান্ত তথ্য সাধারণত প্রকাশ্যে আসে না। কোনো পদে বেতন কত, তা না জেনেই প্রার্থীদেরকে মানব সম্পদ বিভাগের সঙ্গে আলোচনায় বসতে হয়। অনুমানের ওপর ভিত্তি করে নিতে হয় ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

যারা সদ্য বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন তাদের জন্য এটি আরও কঠিন। তারা মূলত সিনিয়র ও বন্ধুদের ধারণা থেকে বা ইন্টারভিউয়ের শেষ দিকে বেতন সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেন।

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের এই সমস্যার কথা মাথায় রেখে চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘বেতন কেমন’। এই ওয়েবসাইটে ব্যবহারকারীরা নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন কোম্পানির বেতনকাঠামো, বেতনের তারিখ এবং বেতন দেরিতে হওয়ার অভিজ্ঞতার তথ্য শেয়ার করতে পারেন।

চাকরিপ্রার্থীরা কোনো কোম্পানিতে আবেদন করার আগে এই ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট পদের বেতন সম্পর্কে ধারণা নিতে পারবেন।

প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা ইশমাম চৌধুরী জানান, বাংলাদেশের বিভিন্ন ক্যারিয়ার কমিউনিটিতে চাকরিপ্রার্থীদের হতাশা থেকেই এই আইডিয়া মাথায় আসে তার। তিনি বলেন, ‘সত্যি বলতে, ফেসবুকের নিউজফিড থেকেই এই ধারণা পেয়েছি। কোনো পদের বেতন কত তা জানতে চেয়ে অনেকেই পোস্ট করেন। বাংলাদেশে বহু চাকরিপ্রার্থী এই সমস্যায় পড়েন।’

সঠিক বেতনের তথ্য জানতে প্রার্থীদের অনেক সময় ব্যক্তিগত পরিচয় ও যোগাযোগের ওপর নির্ভর করতে হয়। ‘বেতন কেমন’ প্ল্যাটফর্মটি এই ছড়ানো-ছিটানো তথ্যগুলোকে একটি জায়গায় আনার চেষ্টা করছে।

প্ল্যাটফর্মটির ব্যবহারপদ্ধতি খুবই সহজ। ব্যবহারকারী একটি ফরমে কোম্পানির নাম, পদের নাম, বছর, বেতন এবং এ সংক্রান্ত অভিজ্ঞতার তথ্য জমা দেন। এখানে ব্যবহারকারীর কোনো তথ্য চাওয়া হয় না। ফলে পরিচয় প্রকাশের কোনো ভয় নেই। জমা হওয়া তথ্য পরে কোম্পানি ও পদের নাম অনুযায়ী সাজানো হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ‘ক্লড’ ব্যবহার করে ওয়েবসাইটটির প্রথম সংস্করণ তৈরি করা হয়েছে।

তবে ওয়েবসাইটটি চালুর পর একটি বড় চ্যালেঞ্জ দেখা দেয়। ইশমাম বলেন, ‘অপরিচিত মানুষদের দেওয়া বেতনের তথ্যের ওপর নির্ভর করে একটি প্ল্যাটফর্ম তৈরি করা সমস্যাজনক ব্যাপার। কারণ, কেউ নিজের বেতনের তথ্য সহজে শেয়ার করতে চায় না।’

প্রথম সাফল্য আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অ্যালামনাই নেটওয়ার্কে লিংকটি শেয়ার করার পর। তখন ২০০টির বেশি তথ্য জমা পড়ে।

পরে ‘গ্রো ইওর ক্যারিয়ার’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে আরও কয়েক শ মানুষ বিভিন্ন কোম্পানি ও পদের তথ্য যুক্ত করেন।

বর্তমানে এই ডেটাসেট চাকরিপ্রার্থীদের জন্য একটি রেফারেন্স হিসেবে কাজ করছে। এখন শুধু অনুমানের ওপর নির্ভর না করে প্রার্থীরা এখন নির্দিষ্ট পদের বেতনকাঠামো দেখতে পাচ্ছেন।

ইশমাম বলেন, ‘বেশির ভাগ চাকরিপ্রার্থীই শুধু অনুমানের ওপর ভিত্তি করে ইন্টারভিউ দিতে যান। আমরা সেই অনুমানকে একটা অঙ্কে রূপ দেওয়ার চেষ্টা করছি। ওই পদে আগে কাজ করেছেন এমন শত শত মানুষের অভিজ্ঞতা থেকে এই পাওয়া যাবে।’

বেতনের অংকের পাশাপাশি ব্যবহারকারীরা জানান, কোম্পানিটি সাধারণত মাসের কত তারিখে বেতন দেয় এবং বেতন দিতে দেরি করে কি না।

তবে এই প্ল্যাটফর্ম পুরোপুরি ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ওপর নির্ভরশীল। তাই তথ্যের সঠিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ইশমাম বলেন, ‘নাম-পরিচয় গোপন রাখার কারণে মানুষ সঠিক তথ্য দিতে দ্বিধা করে না। তা ছাড়া অস্বাভাবিক কোনো তথ্য ফিল্টার করার জন্য আমরা সামান্য মডারেশনের ব্যবস্থা রেখেছি। আর যত বেশি মানুষ তথ্য দেবেন, এই ডেটাসেট তত বেশি নির্ভুল হবে।’

আপাতত ‘বেতন কেমন’ শুধু বেতন ও পেমেন্ট ব্যবস্থার ওপরই ফোকাস করছে। কোম্পানির রিভিউ বা অন্য কোনো বিষয় যুক্ত করা হয়নি।

ওয়েবসাইটটিতে তথ্য যুক্ত করতে বা বিভিন্ন কোম্পানির বেতন সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন: https://www.betonkemon.com