চট্টগ্রামে ভোটকেন্দ্রে ভোটারের মৃত্যু
চট্টগ্রাম–৯ আসনের একটি ভোটকেন্দ্রে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনু মিয়া (৫৭) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মনু মিয়া নগরীর কাজীর দেউড়ি এলাকার একটি দোকানে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাটারী গলির একটি দুই কক্ষের ভাড়া বাসায় দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন।
সরেজমিনে জানা যায়, সকাল ৭টা ৩৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি ভোটারের সারিতে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে কাজীর দেউড়ি বালক পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।
মনু মিয়ার বড় ছেলে মো. শাকিল বলেন, ‘বাবা সকাল সকাল ভোট দিতে বের হয়েছিলেন। বাসায় এসে গরম পানি দিয়ে গোসল করবেন বলে আমি চুলায় পানি গরম করতে দিয়েছিলাম। পরে খবর পাই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।’
তিনি আরও বলেন, ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার বাবা। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোট শুরুর আগেই ঘটনাটি ঘটে। কেন্দ্র প্রবেশের আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়েন তিনি।’
তিনি জানান, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৫৬ জন। সকাল ১১টা পর্যন্ত ৯৯১টি ভোট পড়েছে।