হালান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে গুঁড়িয়ে সেমিফাইনালে ম্যান সিটি
লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এফএ কাপের সেমিফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের অসাধারণ হ্যাটট্রিকে এই দুর্দান্ত জয় মিলেছে তাদের। সিটিজেনদের পক্ষে অন্য গোলটি করেছেন অ্যান্টোয়ান সেমেনিও। এই হারে বরখাস্ত হওয়ার শঙ্কায় থাকা অলরেডদের কোচ আর্নে স্লটের ওপর চাপ আরও বেড়ে গেছে।
শনিবার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধের শেষদিকে হালান্ড জোড়া লক্ষ্যভেদ করেন। বিরতি শেষে দ্বিতীয়ার্ধের শুরুতে সেমেনিও জাল খুঁজে নেওয়ার পর ২৫ বছর বয়সী তারকা হ্যাটট্রিক পূর্ণ করেন।
নিকো ও'রাইলিকে অলরেডদের ডি-বক্সে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ফেলে দিলে পেনাল্টি মেলে সিটির। ৩৯তম মিনিটে স্পট-কিক থেকে জাল কাঁপাতে হালান্ড ভুল করেননি। দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় লাগেনি তার। উইঙ্গার রায়ান চেরকির পাস থেকে সেমেনিওর নিখুঁত ক্রসে হেড করে প্রতিপক্ষের গোলরক্ষক জর্জি মামারদাশভিলিকে পরাস্ত করেন তিনি।
লিভারপুল তখন বিপর্যস্ত হয়ে পড়ে আর সেই সুযোগটাই লুফে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে সিটিকে পুরোপুরি চালকের আসনে বসিয়ে দেন সেমেনিও। চেরকির পাস ধরে দৌড়ে এগিয়ে অপ্রস্তুত ফন ডাইককে পেছনে ফেলেন তিনি। এরপর আগুয়ান মামারদাশভিলির মাথার ওপর দিয়ে আলতো চিপে বল জালে পাঠান।
সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ছয় ম্যাচে মাত্র এক গোল করা হালান্ড ৫৭তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। ও'রাইলির বাড়ানো বল গোলপোস্ট থেকে ১২ গজ দূরে নিয়ন্ত্রণে নেন তিনি। তারপর তার জোরালো শট ক্রসবারের নিচের অংশে লেগে জালে ঢোকে। এটি তার ক্যারিয়ারের ২৮তম হ্যাটট্রিক।
ম্যাচের শুরুতে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও পিছিয়ে পড়ার পর খেই হারায় লিভারপুল। আর ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফিরতে পারেনি তারা। দলটির দুর্দশা আরও বাড়িয়ে দেন স্বাগতিকদের গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। তিনি ৬৫তম মিনিটে মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর পেনাল্টি রুখে দিলে স্লটের জন্য বিকালটি চরম হতাশায় পরিণত হয়। এর আগে হুগো একিতিকেকে সিটির ডি-বক্সে মাথেউস নুনেস ফাউল করায় স্পট-কিকের নির্দেশ দেন রেফারি।
লিভারপুলের এমন অসহায় আত্মসমর্পণ ডাচ কোচ স্লটের জন্য একটি বড় ধাক্কা। সিটির সমর্থকরা তাকে লক্ষ্য করে 'কাল সকালেই তুমি বরখাস্ত হচ্ছো' বলে স্লোগান দিয়েছে ম্যাচ চলাকালীন।
আগামী বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। সমালোচকদের মুখ বন্ধ করতে ওই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্লটের।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে লিভারপুল। গত মৌসুমের শিরোপাজয়ীরা বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটি স্লটের জন্য এক নাটকীয় পতন। কারণ ঠিক ১২ মাস আগেই তিনি অলরেডদের ২০তম লিগ শিরোপা জেতানোর দ্বারপ্রান্তে ছিলেন।
অন্যদিকে, এই বিধ্বংসী পারফরম্যান্স টানা অষ্টম মৌসুমের মতো এফএ কাপের সেমিফাইনালে নিয়ে গেছে ম্যান সিটিকে। এই প্রতিযোগিতায় ঘরের মাঠে টানা ১৮টি ম্যাচ জয়ের মাধ্যমে নতুন রেকর্ডও গড়েছে তারা। ১৯৩৭ সালের পর এই প্রথম লিভারপুলের বিপক্ষে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে দলটি। এর আগে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে অলরেডদের দুবার হারায় তারা।