শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভরত শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলমের পদত্যাগের দাবি করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত এক ব্যক্তি জাবির এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে ধর্ষণের চেষ্টা করেছে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা আজ রাত ১০টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের নারী হল এলাকা থেকে মশাল মিছিল বের করেন এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর ব্যর্থ হয়েছেন। তাই তার পদত্যাগ করা উচিত।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, ‘মঙ্গলবার রাতে প্রক্টর অফিসের সামনে অধ্যাপক রশীদুল আলম বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রক্টরের দায়িত্ব নয়, বরং রেজিস্ট্রারের দায়িত্ব।’
এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিনি কীভাবে বলতে পারেন যে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব তার নয়? এছাড়া তার অফিসে জমা পড়া কোনো হয়রানির অভিযোগও তিনি সমাধান করতে পারেননি।’
এ ব্যাপারে জানতে অধ্যাপক একেএম রাশিদুল আলমের ব্যবহৃত নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এর আগে, ওই ঘটনার পর আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টার মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
জাবি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত রাত ১১টার পর, ফজিলাতুন্নেছা হলের পরিত্যক্ত পুরনো ভবন এবং আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশের কাছে।

