ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
ক্যাম্পাসে বোমা হামলার হুমকি পেয়ে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইমেইলে হুমকি দেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, ‘ইমেইলে মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণহারে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সেখানে আরও বলা হয়েছে, “মনে রাখবেন, যা ঘটতে যাচ্ছে তা আপনাদের কেউই ঠেকাতে পারবেন না।” অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফাতিউস ফাহমিদ দ্য ডেইলি স্টারকে জানান, তারা অজ্ঞাত একটি উৎস থেকে ইমেইল পেয়েছেন এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছি এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পাচ্ছি। এই মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’