এসএসসি পরীক্ষা

ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন ৬৫ শিক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত ৪৫ মিনিট

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন ৬৫ শিক্ষার্থী বাড়তি সময়সহ বিশেষ কিছু সুবিধা পাচ্ছে। 

বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এই পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৪৫ মিনিট বেশি সময় ও প্রয়োজনে শ্রুতিলেখক ব্যবহারের সুযোগ পাবে।

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) সিরাজুল ইসলাম জানান, প্রতিটি বিষয়ের পরীক্ষার নির্ধারিত সময় তিন ঘণ্টা হলেও বিশেষ চাহিদাসম্পন্ন এই শিক্ষার্থীরা সাধারণ সময়ের চেয়ে অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবে। আগে এই অতিরিক্ত সময়ের পরিমাণ ছিল ৩০ মিনিট। এছাড়া যেসব শিক্ষার্থী শারীরিক সীমাবদ্ধতার কারণে লিখতে অক্ষম, তাদের জন্য শ্রুতিলেখক (স্ক্রাইব) ব্যবহারের সুযোগও নিশ্চিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৭ হাজার ৬৫১ জন শিক্ষার্থী ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।