প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ‘গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা আহ্বান করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অত্যন্ত কঠোর নির্দেশনা প্রদান করেছেন এবং এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সভায় পাঁচ দফা নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে পরিচয় যাচাই করা হবে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।

মিড-ডে মিল কার্যক্রমের মান ও গুণগতমান নিশ্চিত করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতি মাসে দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান তদারকিতে বিদ্যালয়-পর্যায়ে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠন করা হবে।

এ কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

সভায় প্রতিমন্ত্রী পরবর্তীতে মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রম উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পরিচালিত এ গুরুত্বপূর্ণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিলের প্রজেক্ট পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।