ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনায় রোনালদোর এজেন্ট?

স্পোর্টস ডেস্ক

ক্রিস্তিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন ছিল। ছিল আরেক সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ফেরার গুঞ্জনও। কদিন আগে তার সঙ্গে যুক্ত হয় আরও একটি নাম। লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে তাকেও পিএসজি শিবিরে দেখা যেতে পারে বলে রব ওঠে আন্তর্জাতিক গণমাধ্যমে। এবার তৈরি হয়েছে নতুন এক জল্পনা-কল্পনা। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো যোগ দিতে পারেন ম্যানচেস্টার সিটিতে। তা-ও আবার এই মৌসুমেই!

সোমবার ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত দাবি করেছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস জুভেন্টাস ফরোয়ার্ডকে নেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছেন ম্যান সিটিকে। ৩৬ বছর বয়সী তারকাকে পেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে খরচ করতে হবে কেবল ৩০ মিলিয়ন ইউরো!

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত। সেখানে বেতন হিসেবে তাকে দেওয়া হয়ে থাকে ৩০ মিলিয়ন ইউরো। চুক্তি নবায়ন না করা হলে চলতি মৌসুম শেষেই বিনা ট্রান্সফার ফিতে নতুন ঠিকানায় নাম লেখাতে পারবেন তিনি। আর্থিক দিক বিবেচনা করে তাই রোনালদোকে সিটির কাছে ছেড়ে দিতে অসম্মতি নেই জুভদের।

২০১৮ সালে রিয়াল ছেড়ে ইতালিতে পাড়ি দিয়ে প্রথম দুই মৌসুমে সিরি আর শিরোপা জেতেন রোনালদো। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সফলতা পাওয়া হয়নি তার। প্রতিবারই হতাশা জাগিয়ে জুভেন্টাস বিদায় নেয় আগেভাগে। তাছাড়া, গত মৌসুমে সিরি আর শিরোপাও হাতছাড়া হয় তাদের। পয়েন্ট তালিকায় চতুর্থ হয়ে আসরের শেষদিনে কোনোক্রমে তারা জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগে। ফলে কাঙ্ক্ষিত সফলতা না পেয়ে তুরিন ছাড়তে চাইছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।

কোচ পেপ গার্দিওলার ম্যান সিটিও হন্যে হয়ে খুঁজছে একজন স্ট্রাইকার। সার্জিও আগুয়েরো যোগ দিয়েছেন বার্সেলোনায়। গ্যাব্রিয়েল জেসুস প্রত্যাশা মেটাতে পারছেন না। ঘাটতি পূরণে হ্যারি কেইনের দিকে হাত বাড়িয়ে রেখেছে প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। কিন্তু নিজেদের সেরা খেলোয়াড়কে চড়া মূল্যে ছাড়া ছাড়তে রাজী নয় টটেনহ্যাম হটস্পার। কেইনের জন্য তারা দাবি করছে ১৫০ মিলিয়ন ইউরো। কোরিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে, সিটিজেনদের মালিক শেখ মনসুর বিন জায়েদ আল-নাহিয়ান সেকারণে মেন্দেসের প্রস্তাবে ভীষণ আগ্রহী হয়ে উঠেছেন।

গুঞ্জন সত্যি হলে এক যুগ পর ইংল্যান্ডে ফিরবেন রোনালদো। ২০০৩ থেকে ২০০৯ সালের পর্যন্ত ইউনাইটেডের হয়ে খেলেছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯২ ম্যাচ খেলে করেছিলেন ১১৮ গোল। ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি'অর ওল্ড ট্র্যাফোর্ডে থাকতেই জিতেছিলেন তিনি।

তবে ব্যাপক বিতর্ক তৈরি হওয়ার অবকাশও থাকছে। ইউনাইটেডের শহর প্রতিদ্বন্দ্বী সিটি। দুই দলের ভক্ত-সমর্থকদের মধ্যে সম্পর্কও দা-কুমড়া। রোনালদো যদি সিটিতে যোগ দেন, নিঃসন্দেহে ক্ষোভে ফেটে পড়বে ইউনাইটেড। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা তাই খুব কঠিন হবে তার জন্য।

২০১৩ সালে রিয়ালে থাকা অবস্থায় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কমকে রোনালদো বলেছিলেন, 'সিটির হয়ে খেলা? আমি সেটা করব না। কেন? কারণ আমার হৃদয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমি বলতে পারি, সিটির হয়ে খেলা ভীষণ, ভীষণ, ভীষণ কঠিন আমার জন্য। কঠিন কারণ আমি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছি।'