আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের ‘এক্সিলেন্ট’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় চুয়েট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) 'এক্সিলেন্ট ইউনিভার্সিটি' হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই)। যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক এই সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইটে গত ১১ ফেব্রুয়ারি এক্সিলেন্ট  বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়।

এই তালিকায় বাংলাদেশ থেকে চুয়েট ছাড়াও গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) স্থান পেয়েছে।

শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতার ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে এক্সিলেন্ট ইউনিভার্সিটির মর্যাদা দিয়ে তালিকা প্রকাশ করে এসিআই। এ বছর বিশ্বের বিভিন্ন ৫৩টি বিশ্ববিদ্যালয়কে 'এক্সিলেন্ট ইউনিভার্সিটি' হিসেবে এবং ৩৩টি বিশ্ববিদ্যালয়কে 'আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটি'র মর্যাদা দিয়েছে সংগঠনটি।

গত বছর এসিআই আয়োজিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় চুয়েটের ধারাবাহিক সাফল্য, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার আয়োজিত বিভিন্ন ওয়েবিনার, দাতব্য কার্যক্রমে চুয়েটের অংশগ্রহণ 'এসিআই এক্সিলেন্ট ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড ২০২১' পেতে মূল ভূমিকা পালন করেছে।

চুয়েটের ফ্যাকাল্টি অ্যাডভাইজার অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, 'করোনাকালে প্রায় সব কার্যক্রম অনলাইনে ছিল। এ সময় আমাদের অনেকগুলো শিক্ষামূলক ইভেন্ট ভার্চুয়ালি হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দেশি-বিদেশি ১০০-২০০ জন অংশগ্রহনকারীর উপস্থিতি সেমিনারগুলোর গুরুত্ব নির্দেশ করে।'

'এছাড়া, ৩টি স্টুডেন্ট কম্পিটিশনে চুয়েট প্রথম, তৃতীয় ও বাকী সবগুলো পুরস্কার পাওয়ায় এ সাফল্য এসেছে। আশা করি এর ধারাবাহিকতা আগামীতে বজায় থাকবে,' বলেন তিনি।