দুর্নীতির অভিযোগে পাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রুস্তম আলীর বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগে স্বজনপ্রীতির তদন্তের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য অনিয়ম করে তার ভাইপো ও অন্যান্যদের নিয়োগ দিয়েছেন। উপাচার্য তার মেয়াদের শেষ দিকে এসে আরও নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। উপাচার্যের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে।
উপাচার্য এম রুস্তম আলীর মেয়াদ শেষ হবে আগামী ৬ মার্চ। উপাচার্যের অনিয়মের অভিযোগ নিয়ে গত কয়েক সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়টিতে অস্থিরতা চলছে। নিয়োগকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি শিক্ষক ও কর্মকর্তারা উপাচার্যকে অবরুদ্ধ করায় রিজেন্ট বোর্ডের সভা পণ্ড হয়ে গিয়েছিল। পরে স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকুর মধ্যস্থতায় তিনি মুক্ত হন। গত সপ্তাহেও রেজিস্ট্রার ভবনে তালা দেন কর্মকর্তারা। এখন শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দিলেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সমীরণ কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, ছাত্রদের বিক্ষোভে কিছু শিক্ষক উস্কানি দিচ্ছেন। তারা তাদের স্বার্থ হাসিল করতে না পারায় এমনটা করছেন।
