পরীক্ষায় অসদুপায়: ঢাবি ও অধিভুক্ত কলেজের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আজ বুধবার ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শৃঙ্খলা বোর্ড।

এরা সবাই ঢাবি ও ঢাবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থী।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিফাত উল্লাহকে একাডেমিক কার্যক্রম থেকে ১ বছরের জন্য বহিষ্কার এবং মাস্টারদা সূর্য সেন হল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড সদস্য ও প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আজ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আগামী সিন্ডিকেট সভায় এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।